সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত “দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল” শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রণয়নের যৌক্তিকতা নেই, যদি তা জনগণের প্রকৃত কল্যাণে না আসে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।’
দেশে সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর একটিতে পরিণত করা প্রয়োজন।
আরও পড়ুনদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও কৃষি ও কৃষকের ওপর নির্ভরশীল। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে।
দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রম পুনরায় সক্রিয় করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক ম্যান্ডেটের আলোকে সরকারের উচ্চপর্যায়ে নীতি প্রণয়ন করা হয়। আমলাতন্ত্রের দায়িত্ব হলো সেই নীতির ভিত্তিতে কর্মসূচি ও প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদারকির মাধ্যমে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নিয়মের বাইরে কোনও কার্যক্রম চালানো যাবে না। নির্বাচিত সরকারের ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকারের ওপর জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই আপনাদের মূল দায়িত্ব।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন মুখ্য আলোচক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1784442325.jpg)