টেকনাফে র্যাবের অভিযান, অপহরণ মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ১৮ জুলাই রাত ৯টা ২০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাসেল (২৮) ও তার সহযোগী অটোরিকশাচালক আরমান (২১)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা এবং আরমান একই এলাকার জুম্মাপাড়ার বাসিন্দা।
আরও পড়ুনর্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, “গত ২৬ জুন সংঘবদ্ধ অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে আটকে রাখে। পরে প্রত্যেক ভুক্তভোগীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ে ভুক্তভোগীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।”
তিনি আরও বলেন, ‘ঘটনার পর র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন বিশেষ অভিযান চালিয়ে পাহাড়ের ভেতর থেকে চার অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর টেকনাফ মডেল থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও ডাকাতির অভিযোগে মামলা করা হয়। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।‘
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








