শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি—নিয়া বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় খুলে দেওয়া হবে। তিনি বলেন, প্রণালি পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে, ইরানের বিরুদ্ধে সব ধরনের ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি পরিচালনায় ইরানের নির্ধারিত নিয়ম—কানুন গ্রহণ করতে হবে।
আক্রমি—নিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারবে না। তার এই মন্তব্যের আগে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরও একটি দফা হামলা চালিয়েছে।
আরও পড়ুন
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য যে সামরিক হুমকি তৈরি করা হচ্ছিল, সেই সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তির বিষয়ে উভয় পক্ষ সম্মত হলেও সাম্প্রতিক হামলা—পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








