ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৮:১২ পিএম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের প্রয়াত চাকলাদার হাতেম আলীর ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার। গত এক বছরের বেশি সময় ধরে একাই তাঁর বাড়িতে বসবাস করছিলেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন।

কালামের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘বনিবনা না হওয়ায় আমার ভাশুর কালামকে ছেড়ে তাঁর স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করায় এক বছরের বেশি সময় ধরে তিনি একা তাঁর বাড়িতে বসবাস করছিলেন। তাঁরা চলে যাওয়ার পর থেকে আমার ভাশুর কালামকে তিনবেলা খাবার আমি দিয়ে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার পরে তাঁকে ডেকে খাবার দিই। আজ শনিবার সকালে তাঁকে ভাত দিতে এসে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বসে আছেন। এই দেখে আমি ডাকচিৎকার করতে থাকি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’

আরও পড়ুন

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, ‘কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ি এসে দেখি তাঁর শোয়ার খাটে বসা। গলায় কাপড় প্যাঁচানো। যেভাবে গলায় কাপড় প্যাঁচানো, তাতে মনে হয়নি সে আত্মহত্যা করেছে। এভাবে আত্মহত্যা করা যায় না। আমরা তাঁর এমন মৃত্যুতে ব্যথিত। তাঁর মৃত্যুরহস্য উন্মোচন করতে পুলিশ সঠিক তদন্ত করবে সেই দাবি জানাচ্ছি।’

বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহ খাটের ওপর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেছে। শুক্রবার রাতের কোনো একসময়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

৩ বছরের জেল হতে পারে কিলিয়ান এমবাপ্পের!

১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

বগুড়ার আদমদীঘিতে টানা বৃষ্টিপাতে ফসলের ক্ষতি কয়েকটি অফিসের সামনে জলাবদ্ধতা

‘১৭ বছর অগণতান্ত্রিক সরকার দেশের ক্রীড়াঙ্গন কলুষিত করেছিল:প্রতিমন্ত্রী টুকু

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার