সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে তার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।
শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করে তারা চুক্তির পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে দাবি করেন তিনি।
ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পরই এই প্রতিক্রিয়া জানায় তেহরান। রেজাই বলেন, সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত এবং কঠোরভাবে দেওয়া হবে।
এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ‘মূর্খতাপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলেন। এরপর মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানো হয়। এ হামলার কারণে ওই এলাকায় আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযানও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
আরও পড়ুনতবে তেহরানের দাবি, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
মার্কিন হামলার পর ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা দাবি করেছে, এর জবাবে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এদিকে উভয় পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের জন্য দায়ী করায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








