এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে বড় সাফল্য পেয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ১৫ জুন ওড়িশা উপকূলের ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সফলভাবে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল (এলআরএলএসিএম)-এর প্রথম ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভারতীয় সমতুল্য হিসেবে দেখছেন।
ডিআরডিও জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের বিভিন্ন ট্র্যাকিং ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটির উড্ডয়ন ও কার্যকারিতার তথ্য সংগ্রহ করেছে।
এখনও এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি। তবে এটি ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। শব্দের গতির প্রায় ০.৮ ম্যাক বেগে ভূমির খুব কাছ দিয়ে উড়ে শত্রুর নজর এড়িয়ে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এতে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ডিআরডিওর ‘নির্ভয়’ প্রকল্পের উন্নত সংস্করণ। আগের প্রকল্পে যেসব প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল, নতুন ক্ষেপণাস্ত্রে তার অনেকটাই কাটিয়ে ওঠা হয়েছে। পাল্লা, দিকনির্দেশনা এবং নির্ভুলতার দিক থেকেও এটি অনেক বেশি উন্নত।
আরও পড়ুনতবে সফল পরীক্ষা হলেও এখনই ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে যুক্ত হচ্ছে না এই ক্ষেপণাস্ত্র। আগামী দুই বছরে আরও কয়েক দফা উন্নয়নমূলক ও ব্যবহারিক পরীক্ষা শেষে এটি বিভিন্ন বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের টমাহক। এর আধুনিক সংস্করণ প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতীয় এলআরএলএসিএমও একই ধরনের নির্ভুল দূরপাল্লার হামলার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই তৈরি করা হয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







