সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলকে ঘিরে উন্মাদনায় মেতে ওঠেন কোটি কোটি ক্রীড়াপ্রেমী। তবে সেই উন্মাদনাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন যমুনা পাড়ের এক ব্রাজিল সমর্থক লিটন সরকার। তিনি ব্যতিক্রমী এক বাড়ি তৈরি করে নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’।
জানা যায়, সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লায় দূর থেকেই চোখে পড়ে হলুদ-সবুজ রঙের দৃষ্টিনন্দন একটি বাড়ি। বাড়ির মালিক পরিবহন ব্যবসায়ী লিটন। শুধু বাড়িই নয়, তার মালিকানাধীন যাত্রীবাহী বাসও সাজানো হয়েছে দেশটির পতাকার আদলে।
বাড়ির মালিক লিটন জানায়, ছোটবেলা থেকেই ব্রাজিল দলের প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। পেলে, রোনালদো, রোনালদিনহোর খেলা দেখে তিনি বড় হয়েছেন। সেই আবেগ থেকেই ২০১৮ সালে কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত নিজের বাড়িকে তিনি ব্রাজিলের পতাকার রঙে সাজান। ২০২২ সালেও এই বাড়িটি আলোচনায় ছিল। এবার বিশ্বকাপে আবারো নতুনভাবে সাজিয়েছেন বাড়িটি।
আরও পড়ুনএ প্রসঙ্গে তিনি বলেন, বাড়ি, গাড়ি সবকিছুতেই ব্রাজিলকে ধারণ করেছি। আগের দুই বিশ্বকাপের চেয়েও এবার আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যে ১০০টি জার্সিও বিতরণ করেছি। এবার বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এলাকাবাসী বলেন, বিশ্বকাপ এলেই এই বাড়িটা দেখতে মানুষ ভিড় করে। এখন এটা সিরাজগঞ্জ শহরের একটা পরিচিত জায়গায় পরিণত হয়েছে। ছোট-বড় সবাই এখানে এসে ছবি তোলে, ভিডিও করে। আসলে এটা শুধু একটি বাড়ি নয়, ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য প্রতীক।
মন্তব্য করুন






