নাটোরে বোনের বাড়ি থেকে নিখোঁজ ভাইয়ের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে নাটোরে সহোদর বোনের বাড়ির আঙিনা থেকে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার সময় সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১১টা থেকে শফিকুল ইসলামের কোনো সন্ধান পাচ্ছিলেন না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পরও রাতে তার সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার (২ জুন) সকালে শফিকুলের বোন মছিরন বেগম ঘরের দরজা খুলে বাইরে বের হতেই বাড়ির আঙিনায় ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শফিকুলের ছেলে রুবেল হোসেন অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের ফুফুদের (শফিকুলের বোনদের) সাথে পারিবারিক বিরোধ চলছিল। রাতের কোনো এক সময়ে তার বাবাকে হত্যা করে মরদেহ আঙিনায় ফেলে রাখা হয়েছে বলে তারা ধারণা করছেন।
আরও পড়ুননাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং ঘটনার সুনির্দিষ্ট অনুসন্ধানের মাধ্যমে মৃত্যুর আসল কারণ উদঘাটন করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন







