জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো পরিষ্কার নয়। বর্তমান কর সক্ষমতা দিয়ে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ টাউন হল এলাকায় অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্র শক্তি ময়মনসিংহ জেলা শাখা।
আসিফ মাহমুদ বলেন, একটি নির্বাচন পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়। বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা দেখা যাচ্ছে না। বরং ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও খাল খননের মতো কর্মসূচি নিয়েই সরকারের আলোচনা বেশি দেখা যাচ্ছে।
গণভোট ও রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের যারা সুবিধাভোগী আছে তারা হয়তো তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। পরবর্তী প্রজন্মের মধ্যে সংবিধান নিয়ে সম্মান অবশিষ্ট নেই। সংবিধান নিয়ে যখন আমাদের মধ্যে কোনো সম্মান থাকে না, তখন এটা কাগজের বই ছাড়া আর কিছু না। সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার। জেনজি ও জেন আলফারা আসছে, তারা এটাকে ছুড়ে ফেলবে এবং একটি নতুন রাষ্ট্র-সরকার ব্যবস্থা গড়ে উঠবে।
আরও পড়ুন
সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে এনসিপির অঙ্গ সংগঠন ছাত্র শক্তির তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, তরুণদের জন্য আলাদা বাজেট, কর্মসংস্থান ও কৃষিখাতসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।