জয়পুরহাটের আক্কেলপুর পরীক্ষা কেন্দ্রে এক হাত দিয়ে স্বপ্নের পথে মেধাবী নাহিদ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : ডান হাত না থাকলেও এক হাতেই স্বপ্নের পথে এগিয়ে চলেছে জয়পুরহাটের আক্কেলপুরের অদম্য মেধাবী মো. নাহিদ। বাম হাত দিয়েই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। এমনই অদম্য ইচ্ছার পরীক্ষার্থীর দেখা মিলেছে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র থেকে বাড়তি সুবিধা দেওয়া হলেও তা নেয়নি। নাহিদ প্রমাণ করতে চায় ইচ্ছার কাছে প্রতিবন্ধকতা কোন বাধা নয়।
নাহিদ পৌর এলাকার শ্রীকৃষ্টপুর গ্রামের নুরল ইসলাম ও নাসিমা বিবি দম্পতির ছেলে। নাহিদের জীবনে অন্ধকার নেমে আসে সাত বছর আগে, যখন তার বাবা নুরুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তিন বছর আগে মারা যান তার বড় ভাই মোজাম্মেল হোসেন। একের পর এক প্রিয়জন হারিয়ে পরিবারটি যেন দিশেহারা হয়ে পড়ে।
বর্তমানে নাহিদ ও তার জমজ ভাই নাসিমকে নিয়ে সংগ্রাম করে বেঁচে আছেন তাদের মা নাসিমা বিবি। জমিজমা বলতে কিছুই নেই। সংসার চালাতে তিনি আলুর চিপস তৈরি করে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন। অভাব-অনটনের মাঝেই বড় হয়েছে দুই ভাই। তাদের মধ্যে নাহিদ শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই ডান হাত নেই।
কিন্তু এই সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বাম হাত দিয়ে লিখেই সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তার জমজ ভাই নাসিম সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক, সেও একই সঙ্গে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
আরও পড়ুনগত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ওই কেন্দ্রের চার নম্বর কক্ষে বাম হাতে লিখে পরীক্ষা দিচ্ছে নাহিদ। ডান হাত কুনুইয়ের নিচ থেকে নেই। অন্যান্য সুস্থ ও স্বাভাবিক পরীক্ষার্থীর মতোই বাম হাতে অনর্গল লিখে যাচ্ছে সে।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আব্দুল মোমিন বলেন, নাহিদ বাম হাত দিয়ে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
মন্তব্য করুন


_medium_1777129754.jpg)
_medium_1777129529.jpg)

_medium_1777128931.jpg)


