পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে সরঞ্জামাদিসহ আটক ৫
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় অবৈধ ভাবে ফসলি জমি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এক্সকেভেটরের ব্যাটারিসহ সরঞ্জামাদি। গত বুধবার দুপুরে এবং সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ বিল থেকে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির সময় ৩ জনকে আটক করা হয়।
এসময় এক্সকেভেটর মেশিনের ৫টি ব্যাটারিসহ মাটিকাটা এবং যানবাহনের সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো- চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা(৪২), ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম(৩২) ও একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী(২৭)।
অপরদিকে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রামের মাকিম হোসেনের ছেলে জামায়াত নেতা মাসুদ রানা(৩৩) এবং বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মহরম আলীকে(৩৬) আটক করা হয়। এসময় অবৈধ মাটি খনন কাজে ব্যবহৃত গিয়ার লিভার, ট্রলির স্টিয়ারিং এবং শ্যালো মেশিনের হ্যান্ডেল জব্দ করা হয়।
আরও পড়ুনচাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








