আজ থেকে বগুড়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী দুটি বৈশাখী মেলা
স্টাফ রিপোর্টার : নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিবারের মত এবারও আজ থেকে বগুড়ায় শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী বৈশাখী মেলা। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা, জেলা পরিষদ বগুড়ার সহযোগিতায় শহরের পৌর পার্ক ও শহীদ টিটু মিলনায়তন চত্বরে সকাল ৮টায় মেলার উদ্বোধন করা হবে। বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনে বগুড়ার ৪০ জন শিল্পী সমবেত কন্ঠে বর্ষবরণের গান গাইবেন। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনের পর শোভাযাত্রা ও পান্তা উৎসব অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে থাকছে বৈশাখী শোভাযাত্রা, সকালে চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল তিনটায় লাঠি খেলা। উদ্বোধনী দিনে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে হিন্দোল একাডেমী, ইয়্যুথ কয়্যার, ভোর হলো, দল অন্যরকম, কলেজ থিয়েটার সহ বিভিন্ন সংগঠন।
বৈশাখী মেলা ১৪৩৩ আয়োজন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক এবং সদস্য সচিব এড. পলাশ খন্দকার জানান, ইতোমধ্যে মেলার প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে, দূর দূরান্ত থেকে কারু চারু পণ্যের বিভিন্ন স্টল মেলায় আসতে শুরু করেছে। তারা আরো বলেন, “আমাদের বিশ্বাস মানুষের এই মিলনমেলা সার্থক হবে সকলের অংশগ্রহণ এর মধ্য দিয়ে।
আয়োজকরা জানান, প্রতিবারের মত এবারও বগুড়ার বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী লাঠি খেলা, সাপ খেলা, মোরগ লড়াই, হাডুডু খেলা থাকবে। পাশাপাশি কুষ্টিয়ার লালনসহ লছিমন ও কাজল রেখা মত পালা গানের ব্যবস্থা থাকবে। বগুড়াবাসী সারা বছর ধরে এই মেলার জন্য অপেক্ষায় থাকেন। সাংস্কৃতিক ফোরাম বগুড়া জেলা শাখা বগুড়াবাসীকে সেই বিনোদন দিতে পারবে বলে আমরা আশা করছি।
এদিকে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা কমিটি ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহরের খোকন পার্কে পাঁচ দিনব্যাপী আরেকটি বৈশাখী মেলা আজ থেকে শুরু হচ্ছে। সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। লাঠি খেলা, পান্তা উৎসব ও বাউল গানের মাধ্যমে মেলার উদ্বোধনী দিনের প্রথম পর্ব শেষ হবে বলে জানান জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ। তিনি বলেন, যাত্রা পালা, বাউল গান, ঢেঁকির নৃত্যসহ মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহনকারী নানা অনুসঙ্গের বিনোদন তুলে ধরা হবে। মেলার শুরু ও শেষ দুইদিনই যাত্রাপালা পরিবেশন করা হবে। এছাড়া লাঠিখেলাসহ গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া কিছু খেলা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য পরিবেশন করা হবে। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সকাল থেকে মেলা শুরু করে প্রতিদিন সন্ধ্যার মধ্যে মেলা শেষ করবো।
আরও পড়ুনঅপরদিকে,বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সরকারিভাবে মূল বৈশাখী শোভাযাত্রা বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে বের করা হবে। শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বটতলায় গিয়ে শেষ হবে। এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন জানান, জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বগুড়ায় অনুষ্ঠিত দুটি মেলাকেই সহযোগিতা করছে। এছাড়া জেলা প্রশাসনের বৈশাখী উৎসবেও শিল্পকলা একাডেমি থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








