দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কম মূল্যে ডিম-মুরগি-গরুর মাংস বিক্রি
দিনাজপুর জেলা প্রতিনিধি: পবিত্র রমজান মাসে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং দিনাজপুর শহরের নিউ মার্কেটে স্থাপিত দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত সুলভ মূল্যের স্টোর দু’টিতে এই ভিড় পরিলক্ষিত হয়। কম দামে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা।
এছাড়াও দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনাজপুর শহরের দু’টি স্থান থেকে এই সুলভ মূল্যের স্টোর পরিচালিত হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সুলভ মূল্যে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রির স্টল আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনাজপুর শহরের নিউ মার্কেটে (ফলের বাজার) অপর একটি স্টল চালু করা হয়েছে।
আরও পড়ুনরমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৬৫০ টাকা দরে, পাকিস্তানি মুরগি ২৭৫ টাকা কেজি এবং প্রতি পিস ডিম ৮ টাকা দরে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের দীর্ঘ লাইন। নারী-পুরুষ উভয়েই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দামে পণ্য সংগ্রহ করছে। তবে নির্দিষ্ট সীমার মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি গরুর মাংস, ২টি মুরগি এবং ৩ হালি ডিম কিনতে পারবে। রমজান জুড়ে এ ধরণের কার্যক্রম চলমান থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় সহায়ক হবে।
মন্তব্য করুন







