কুড়িগ্রামে রেললাইনের ওপর কাঁচাবাজার যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-তিস্তার মাঝপথে রাজারহাট রেলস্টেশনের সাথেই পশ্চিমে রেললাইনের ওপর প্রায় দুই বছর ধরে কাঁচাবাজার বসিয়ে ব্যবসা করছেন এক শ্রেণির ব্যবসায়ী। ফলে যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। তাদেরকে ইতিমধ্যে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনী সরিয়ে দিলেও তারা পুনরায় রেল লাইনের ওপরই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সরজমিনে দেখা যায়, লাইনের পাশ দিয়ে কাঁচা সবজির অটোরিকশাা ঝুঁকিপূর্ণ চলাচল করছে। ট্রেন ছেড়ে দিলেই হয়তো ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে সবজি ক্রয় করছে মানুষ। যে লাইনে ট্রেন এসেছে তার অপর লাইনের ওপর দোকান বসিয়েছে। আরেকটি ট্রেন এলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঘটনাটি শুধু একদিনের নয়, প্রতিনিয়তই ঘটছে।
প্রতি শনি ও বুধবার রাজারহাট বাজারে হাট বসে। বহু বছর ধরে রাজারহাট বাজারে ভিতরে ও আশপাশে হাট বসলেও রেললাইনের মাঝপথে কিংবা ধারে কোন বাজার বসেনি। কিন্তু গত দুই বছর ধরে শনি ও বুধবার ভোরে সবজী ব্যবসায়ীরা রাজারহাট রেলস্টেশনের পশ্চিমে বাজার জামে মসজিদ থেকে শুরু করে পশ্চিমে হাসপাতাল রেলক্রসিং পর্যন্ত সবজির বাজার বসায়। বাজার জমানোর জন্য তারা বেশ কম দামে সবজি বিক্রি শুরু করে। ধীরে ধীরে মানুষ জানার পর মানুষ ভিতরের গলিতে সবজি না কিনে লাইনের ধারের বাজারে বাজার করেন। শুরু হয় লাইনের ধারে জমজমাট হাট।
অধিক লাভের আশায় মানুষ এক প্রকার ঝুঁকি নিয়েই বাজার করেন। ট্রেন আসা যাওয়া করলে লাইনের ওপর বসা দোকানগুলো এদিক-সেদিক ছুটে যায়। ট্রেন চলে গেলে আবার বাজার বসান সবজি ব্যবসায়ীরা। এভাবে চলতে চলতে এখন প্রায় প্রতিদিনই লাইনের ধারে কাঁচা সবজির বাজার বসানো হয়। এখানে প্রতিনিয়তই থাকে মানুষের ঢল। এতে করে বাজার করতে আসা মানুষের প্রাণের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুনযে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এলাকার স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, অসাধু কিছু ব্যবসায়ী রাজারহাট রেলস্টেশন থেকে শুরু করে হাসপাতাল রেল ক্রসিং পাড় করে রেল সড়কের বেশির ভাগ অংশ দখলে নিয়ে অস্থায়ীভাবে গড়ে তুলেছে অবৈধ শতাধিক দোকানপাট।
এ ব্যাপারে রাজারহাট বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া বলেন, বার বার নিষেধ করার পরও সবজি ব্যবসায়ীরা লাইনের ওপর দোকান বসাচ্ছেন। এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের মাস্টার মো. সুমন মিয়া বলেন, কাঁচাবাজার বসার কারণে রাজারহাট বাজারের রেললাইন এখন ঝুঁকিপূর্ণ। এটা অবৈধ। দু’মাস আগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এসব দোকানপাট উচ্ছেদ করে দিয়েছিলেন। তারপরও তারা সুযোগ বুঝে বাজার বসাচ্ছে।
মন্তব্য করুন







