নওগাঁর নিয়ামতপুরে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষকরা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নিয়ামতপুরের পল্লী অঞ্চলের মাটি ধান চাষের উপযোগী বিধায় শুধু কৃষকই নয়, শিক্ষিত যুব সমাজ ও চাকরিজীবীরাও ধান চাষের সাথে সম্পৃক্ত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ২৩ হাজার ৩শ’ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৮ হাজার ১৬০ হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে বাকি জমিতে চাষাবাদের জন্য জমি প্রস্তুতের কাজ চলছে। বিশেষ করে শষ্যভান্ডারখ্যাত নিয়ামতপুরের বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন উপজেলায় নানা জাতের ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু করেছে।
চলতি মাসের শেষের দিকে এ চাষাবাদ প্রায় শেষ হবে বলে জানান বগধন গ্রামের কৃষক সাদেকুল ইসলাম ও ফতেপুর গ্রামের কৃষক আব্দুল মালেক। তাছাড়াও স্থানীয় কৃষকেরা বলেন, চলতি মাসের প্রথম থেকে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু হয়েছে এবং অনেক স্থানে চারা রোপণের কাজও চলছে। জমি থেকে সরিষা উত্তোলনের পর সাধারণত ইরি-বোরো ধানের চারা লাগানো হয়।
আরও পড়ুনএতে চাষাবাদে কিছুটা দেরি হলেও ফলন ভালো হয়। এবারে প্রচন্ড শীতে প্রায় কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে। পুনরায় বীজতলা তৈরি করে ধান রোপণে তাই কিছুটা বিলম্ব হচ্ছে। এবার খরচ বেশির আশঙ্কা থাকলেও লাভজনক এ চাষাবাদে কৃষকরা ঝুঁকে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলায় ইতোমধ্যেই ৮ হাজার ১৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চারা লাগানো হয়েছে। চলতি মাসের শেষের দিকে এ চাষাবাদ পুরোদমে শুরু হবে এবং এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন







