জয়পুরহাট-২ আসনে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা এবি পার্টির প্রার্থী জামায়াতকেই সমর্থন দিলো
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এস এ জাহিদ। ফলে এই আসনে নতুন করে প্রার্থীদের মধ্যে ভোটের হিসাব শুরু হয়েছে। এই আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হলেন এস এম রাশেদুল আলম সবুজ।
গতকাল শনিবার ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ। তিনি জানান, ১১ দলীয় জোটের শরিক হিসেবে তিনি এখন থেকে জোটের প্রার্থী জামায়াত নেতা এস এম রাশেদুল আলম সবুজের পক্ষে মাঠে কাজ করবেন।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উল্লেখ্য, জোটবদ্ধ হওয়ায় জয়পুরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার করলেও জয়পুরহাট-২ আসনে এস এ জাহিদ ‘ঈগল’ প্রতীক নিয়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুনএরই মধ্যে গত ২৫ জানুয়ারি কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণার মাইক কেড়ে নেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও এবি পার্টির কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জামায়াত কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক জামায়াত কর্মীর কাছ থেকে মুচলেকা নেন।
ওই ঘটনার পর এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ কালাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ফেসবুক লাইভে এসে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন। পরে নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। এর ফলে জোটের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্য রুপ নেয়। শেষ পর্যন্ত শনিবারের জনসভায় প্রকাশ্য সমর্থনের ঘোষণার মাধ্যমে সেই দ্বন্দ্বের অবসান ঘটান তিনি।
মন্তব্য করুন





_medium_1769959006.jpg)



