নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফ-এর যৌথ সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশে শিশুবিয়ে প্রতিরোধে নতুন গতি সঞ্চার
গত ২৭ নভেম্বর বিশ্বে প্রথমবারের মতো ‘শিশুবিয়ে, অল্প বয়সে বিয়ে ও জোরপূর্বকবিয়ে নির্মূলের আন্তর্জাতিক দিবস’ পালনের পরপরই আজ ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফ -এর যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রতিশ্রুতি রক্ষা ও ২০৩০ সালের মধ্যে শিশুবিয়ে নিরোধে কার্যক্রম ত্বরান্বিতকরণ’—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুবিয়ে নিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পুনর্বিন্যাস এবং অঙ্গীকারগুলোকে সুনির্দিষ্ট ফলাফলে রূপান্তরিত করতে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিবৃন্দ এই সংলাপে অংশগ্রহণ করেন।
শুধু অঙ্গীকারেই সীমাবদ্ধ না থেকে, কর্মসূচিগুলোকে সরাসরি মাঠপর্যায়ের কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীরা এই অধিবেশনে যোগ দেন। সেখানে তাঁরা জাতীয় কর্মপরিকল্পনার পাঁচটি মূল কৌশল—খাতভিত্তিক সংবেদনশীল নীতিমালা, আইনি সংস্কার, নেতিবাচক সামাজিক রীতিনীতির পরিবর্তন ও ইতিবাচক সামাজিক রীতিনীতির চর্চা,, কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা সেবা পুনঃপর্যালোচনা করেন এবং পরবর্তী কার্যকর পদক্ষেপ নির্ধারণ করেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপস্থাপনায় প্রাপ্ত সাম্প্রতিক জাতীয় তথ্য-উপাত্তের আলোকে আলোচনা পরিচালিত হয়। এই পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে ২০ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের মধ্যে ৪৭.২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই, যা ২০১৯ সালের ৫১.৪ শতাংশের তুলনায় কিছুটা কমেছে; পাশাপাশি ১৩.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই।
শিশুবিয়ে হ্রাসের বার্ষিক গড় হার এক শতাংশেরও কম হওয়ায় লাখ লাখ কন্যাশিশু ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে অংশগ্রহণকারীরা গুরুত্ব দিয়ে বলেন যে, ২০৩০ সালের মধ্যে জাতীয় লক্ষ্যমাত্রা ও এসডিজি অর্জন করতে হলে এ হার ৪৭.২ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনতে অগ্রগতির গতি চারগুণ ত্বরান্বিত করতে হবে। এই সমস্যাটির মূল কারণগুলো মোকাবিলা করতে এবং বৃহৎ পরিসরে ফলাফল অর্জনে একটি সহায়ক আইনি পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্কুল উপবৃত্তি কর্মসূচি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা এবং ‘সোশ্যাল প্রোটেকশন প্লাস’ উদ্যোগের মতো পরীক্ষিত বহু-খাতভিত্তিক কার্যক্রমগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় কর্মপরিকল্পনা পর্যালোচনার পাশাপাশি অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর অধীনে আইনি সুরক্ষার বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। এ সময় তাঁরা আইনের ১৯ ধারার বিশেষ বিধান পুনঃপর্যালোচনাসহ আইনি ফাঁকফোকর বন্ধ করা, শিশুবিয়ের শিকার শিশুদের অপরাধী হিসেবে গণ্য না করা, , বিয়ে সম্পর্কিত অন্যান্য সকল আইনের ওপর এই আইনের প্রাধান্য প্রতিষ্ঠা এবং বিবাহের পূর্বে ডিজিটাল জন্ম নিবন্ধনের মাধ্যমে বয়স যাচাইকরণ বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশগুলো তুলে ধরেন।
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, "শিশুবিয়ে নিরোধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার, যার জন্য সরকারের সকল খাতের সমন্বিত নেতৃত্ব প্রয়োজন। প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেবার জন্য এবং দেশের প্রতিটি কিশোরীর জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে এই সংলাপের মাধ্যমে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছে এবং আগামীতে আরও করবে।"
আরও পড়ুনবাংলাদেশে ইউএনএফপিএ-এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, " শিশুবিয়ে কন্যাশিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, তাদের শিক্ষাজীবন ব্যাহত করে, অকাল গর্ভধারণের মাধ্যমে তাদের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে এবং পুরো সমাজের অগ্রগতিকে পিছিয়ে দেয়। অংশীজনরা যখন জাতীয় কর্মপরিকল্পনা পর্যালোচনা করছেন, তখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তন এবং আইনি দুর্বলতা দূর করার মতো পরীক্ষিত পদক্ষেপগুলোকে আরও জোরদার করা।"
বাংলাদেশে ইউনিসেফ-এর ভারপ্রাপ্ত প্রতিনিধি ইম্মানুয়েলে আব্রিউ বলেন, " শিশুবিয়ে নিরোধে অগ্রগতি ত্বরান্বিত করতে হলে মেয়েদের শিক্ষায় নিয়মিত ও টেকসই বিনিয়োগ, শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা, সহায়ক পরিবার এবং ক্ষমতায়িত সমাজ গড়ে তোলা অপরিহার্য। মেয়েরা যখন বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে, শিশু সুরক্ষা সেবা যখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের কাছে পৌঁছাতে থাকে এবং সমাজ যখন ক্ষতিকর প্রথাগুলোকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করে, তখনই আমরা প্রকৃত পরিবর্তন দেখতে পাই। প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে এবং প্রতিটি কন্যাশিশুর বেড়ে ওঠা, শেখা ও তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও অংশীদারদের সহায়তা করতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।"
ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশগ্রহণকারী মন্ত্রণালয়গুলো ২০৩০ সাল পর্যন্ত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রাধিকারের বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তঃমন্ত্রণালয় জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা এবং বিচ্ছিন্ন পাইলট প্রকল্পের গণ্ডি পেরিয়ে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নগুলোর কন্যাশিশুদের কাছে পৌঁছানোর লক্ষ্যে দেশব্যাপী প্রাতিষ্ঠানিক প্রতিরোধ ও সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করা।
মন্তব্য করুন









