ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৬:৪৭ পিএম

অজান্তেই আপনার ফোনের ব্যাটারির আয়ু কমাচ্ছে চার্জিংয়ের ৫ ভুল

অজান্তেই আপনার ফোনের ব্যাটারির আয়ু কমাচ্ছে চার্জিংয়ের ৫ ভুল

স্মার্টফোন এখন আমাদের প্রতিদিনের জরুরি সঙ্গী। ফোন যতই দামি বা নতুন হোক, সময়ের সাথে সাথে এর ব্যাটারির জোর কমে আসে। তবে চার্জ দেওয়ার কিছু ভুল অভ্যাস এবং অতিরিক্ত গরম হলে ব্যাটারি আরও দ্রুত নষ্ট হয়ে যায়।

আজকালকার ফোনে ব্যাটারি বাঁচাতে নানা সুবিধা থাকলেও কিছু অভ্যাস বদলানো দরকার। ফোনের ব্যাটারি ভালো রাখতে কী কী চার্জিং ভুল করা যাবে না, তা নিয়েই এই লেখা—যা মূলত প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

১. দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রাখা

ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করে দীর্ঘ সময় একই অবস্থায় রেখে দিলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে এবং এর সক্ষমতা দ্রুত কমতে পারে। এ কারণে অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো নির্মাতারা ব্যাটারি অপ্টিমাইজেশন সুবিধা দিয়েছে।

আইফোন ১৫ ও পরবর্তী মডেলে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে নির্ধারণ করা যায়। গুগল পিক্সেল ফোনে রয়েছে অ্যাডাপটিভ চার্জিং ও ৮০ শতাংশ পর্যন্ত চার্জ সীমিত রাখার সুবিধা। স্যামসাং গ্যালাক্সির নতুন সংস্করণেও ব্যাটারি সুরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখার সুবিধা রয়েছে। তবে সারাদিন বেশি সময় ফোন ব্যবহারের প্রয়োজন হলে চার্জের সীমা কমিয়ে রাখলে দিনের শেষে ব্যাটারি কম পাওয়া যেতে পারে।

২. ব্যাটারি পুরোপুরি শেষ করে চার্জ দেওয়া

আধুনিক স্মার্টফোনের ব্যাটারি পুরোপুরি শূন্য শতাংশে নামিয়ে তারপর চার্জ দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী দিনে একাধিকবার ফোনে চার্জ দেওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর নয়। ব্যাটারি সাইকেল বলতে একবারে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাকে বোঝায় না। বরং কয়েকবারে মিলিয়ে মোট ১০০ শতাংশ ব্যাটারি ব্যবহার করলেও একটি চার্জিং সাইকেল সম্পন্ন হয়।

তবে ফোন দীর্ঘদিন ব্যবহার না করে রেখে দিলে ব্যাটারি পুরোপুরি শেষ অবস্থায় রাখা উচিত নয়। দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে হলে প্রায় ৫০ শতাংশ চার্জ রেখে ফোন বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়।

৩. অতিরিক্ত গরম অবস্থায় চার্জ দেওয়া

ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলোর একটি হলো অতিরিক্ত তাপ। বিশেষ করে গরম আবহাওয়ায় গাড়ির ভেতরে ফোন রেখে দেওয়া কিংবা বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে আধুনিক ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে চার্জের গতি কমিয়ে দিতে বা সাময়িকভাবে চার্জ বন্ধ করে দিতে পারে। তবে এসব ব্যবস্থা শুধু অতিরিক্ত তাপের প্রভাব কমায়; অতিরিক্ত গরম হওয়া ঠেকানোই সবচেয়ে কার্যকর উপায়। চার্জ দেওয়ার সময় শক্ত ও সমতল জায়গায় ফোন রাখা ভালো। ফোন বেশি গরম হলে চার্জ দেওয়ার সময় কভার খুলে রাখাও উপকারী হতে পারে।

আরও পড়ুন

৪. চার্জে লাগানো অবস্থায় ভারী কাজ করা

চার্জ দেওয়ার সময় ফোন এমনিতেই কিছুটা গরম হয়। এর সঙ্গে গেম খেলা, ভিডিও দেখা বা অন্য ভারী কাজ করলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে গেম, ভিডিও স্ট্রিমিং বা অন্য শক্তি-নির্ভর অ্যাপ ব্যবহারের সময় চার্জ না দেওয়াই ভালো। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জার খুলে অ্যাপ বন্ধ করে ফোন ঠান্ডা হতে দেওয়া উচিত। দ্রুত চার্জিং ও তারবিহীন চার্জিংয়েও তুলনামূলক বেশি তাপ তৈরি হতে পারে। তাই ফোনে অতিরিক্ত তাপমাত্রার সতর্কবার্তা দেখালে চার্জার খুলে ঠান্ডা জায়গায় রাখা উচিত।

৫. ভুল চার্জার, তার বা চার্জিং ব্যবস্থা ব্যবহার

তারবিহীন চার্জিংয়ের সময়ও অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। মোটা বা ধাতব কভার থাকলে চার্জিং ধীর হয়ে যেতে পারে কিংবা চার্জিং পুরোপুরি বন্ধও হতে পারে। ফোন ও চার্জারের মাঝখানে কার্ড, চাবি বা অন্য কোনো বস্তু থাকলেও সমস্যা তৈরি হতে পারে।

তারবিহীন চার্জার ব্যবহারের সময় ফোনটি চার্জারের ঠিক মাঝখানে রাখা এবং অনুমোদিত বা মানসম্মত চার্জার ব্যবহার করা উচিত। শুধু তারবিহীন চার্জার নয়, ক্ষতিগ্রস্ত বা নিম্নমানের তার ও চার্জারও ফোন অতিরিক্ত গরম করে দিতে পারে। এমনকি ক্ষতিগ্রস্ত তারের কারণে চার্জিং পোর্টেও অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। তাই তার বা চার্জার নষ্ট হয়ে গেলে সেটি ব্যবহার না করে ফোনের জন্য নির্ধারিত ক্ষমতার উপযুক্ত ও অনুমোদিত চার্জার-তার ব্যবহার করা উচিত।

ব্যাটারি ভালো রাখার সহজ নিয়ম

ফোনকে সবসময় শূন্য বা ১০০ শতাংশে রাখার চেষ্টা না করে প্রয়োজনমতো চার্জ দেওয়া, অতিরিক্ত তাপ এড়িয়ে চলা এবং মানসম্মত চার্জার ব্যবহার করাই ব্যাটারির আয়ু দীর্ঘ করার সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: এনগ্যাজেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজান্তেই আপনার ফোনের ব্যাটারির আয়ু কমাচ্ছে চার্জিংয়ের ৫ ভুল

১

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

২

কালো জাদু থেকে বাঁচার কার্যকরী কিছু আমল

৩

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

৪

ঢাকা বোট ক্লাবের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪৫ হাজার টাকা

৫

অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার

৬