বগুড়ায় চালু হয়নি ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা
শহর প্রতিনিধি : উদ্বোধনের ছয় মাসেও চালু হয়নি বগুড়ার আধুনিক কসাইখানা। মহানগরের জয়পুরপাড়ায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানাটি গত ১৭মে উদ্বোধন করা হয়। দক্ষ জনবল না থাকায় সিটি করপোরেশন এটি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। নগরীর বিভিন্ন স্থানে খোলা জায়গায় পশু জবাই ও বর্জ্য ফেলায় দুর্গন্ধময় পরিবেশ সৃস্টি ও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওযায়্ এই কসাইখানা নির্মাণ করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট (এলডিডিপি) প্রকল্পের আওতায় ৫০ শতক জমিতে অন্তর্বতীকালীন সরকারের সময়কালে এই কসাইখানাটি নির্মাণ হয়। এখানে ঘণ্টায় ১৫টি গরু ও ৩০টি ছাগল বা ভেড়া প্রক্রিয়াজাত করা যাবে। এতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস উৎপাদনের ব্যবস্থাও রয়েছে। চলতি বছর ১৭ মে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এটি উদ্বোধন করার পর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, নগরীতে প্রায় ৪৯২ জন কসাই রয়েছেন। মহানগরের গরু, ছাগল, মহিষসহ অন্যান্য গবাদিপশু জবাইয়ের পর রক্ত, নাড়িভুঁড়িতে জমে থাকা উচ্ছিষ্ট ও গোবর যত্রতত্র ফেলা হচ্ছে। মহানগরের খান্দার, সেউজগাড়ী, কালীতলা কালিয়ার বাজার, শাহ ফতেহ আলী, গোদারপাড়া, তিনমাথা ও সাবগ্রামসহ মহানগরের বিবিন্ন এলাকার হাট-বাজারের মাংস বিক্রেতারা দাবি করেন, তারা জবাই শেষে বর্জ্য পরিষ্কার করেন।
তবে অনেকেই জানান, বর্তমানে পশুর দাম বেড়ে যাওয়ায় খুব কম বিক্রেতাই এককভাবে একটি গরু জবাই করে মাংস বিক্রি করেন। কয়েকজন মিলে একটি পশু জবাই করেন অথবা গোদারপাড়া, ল্যাংড়া বাজার, সাবগ্রাম এমনকি মহানগরের বাইরে থেকেও পাইকারি দামে মাংস সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা সুবিধামত পাশের বড় ড্রেন, খাস পুকুর কিংবা পতিত খোলা জায়গায় এসব বর্জ্য ফেলেন। তবে কসাইখানা চালু হলে এবং সেবামূল্য সাশ্রয়ী হলে তারা সেখানেই পশু জবাই করবেন বলে জানান।
এদিকে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে গোদারপাড়া বাজার এলাকা, সাবগ্রাম সড়কের পাশ, তিনমাথা মহাসড়কের অদূরে, খান্দার বিলের পাড়, মালগ্রাম দীঘির পাড়সহ বিভিন্ন পাড়া-মহল্লার নিচু জায়গা, ডোবা ও মজাপুকুরেও পশুর বর্জ্য ফেলা হচ্ছে। এর তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ক্রেতা-বিক্রেতারা। বগুড়া শহরের অন্যতম এই প্রবেশমুখগুলোতে এমন অব্যবস্থাপনায় জেলা শহর ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
আরও পড়ুনগোদারপাড়ার স্থানীয় বাসিন্দা আমিন ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা চরম দুর্ভোগে আছেন। দুর্গন্ধের কারণে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলেও সমস্যা হয়। তাছাড়া এই পথটি বগুড়ার সঙ্গে আশপাশের কয়েকটি জেলার সংযোগস্থল এবং গোদারপাড়ার অদূরেই ১৬ জেলার সংযোগস্থল চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল অবস্থিত, যেখান দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে গ্রীষ্মকালে রক্ত ও গোবরের পচা দুর্গন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, আধুনিক এই স্থাপনা চালানোর মতো দক্ষ জনবল তাদের নেই। মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং অধিক পরিমাণে মাংস ব্যবহারকারী সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এটিকে অর্থনৈতিকভাবে লাভজনক মনে না করায় আগ্রহ দেখায়নি। তাই দরপত্রের মাধ্যমে তৃতীয় পক্ষকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। বর্তমানে শর্তাবলি তৈরি হচ্ছে এবং চলতি সপ্তাহেই দরপত্র আহ্বান করা হবে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী আশরাফুল ইসলাম জানান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এটি নির্মাণ করে উদ্বোধনের পর সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মাংসের নিরাপত্তা তদারক করবে অধিদপ্তর। তিনি স্পষ্ট করেন যে, মেশিনে পশু জবাই হবে-এমন ধারণা সঠিক নয়। ইসলামি শরিয়ত অনুযায়ী প্রশিক্ষিত ব্যক্তিই পশু জবাই করবেন এবং পরবর্তী ধাপগুলোতে যন্ত্রের সাহায্যে মাংস প্রক্রিয়াজাত করা হবে। পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1794805529.jpg)


_medium_1793893186.jpg)
_medium_1790151977.jpg)


