ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি : জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বৃত্তি কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে প্রতিনিধিদলকে ধারণা দেন। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুনউচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান উপাচার্য।
এ সময় জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শিক্ষার অধিকার বাস্তবায়নের পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফর করছেন ফরিদা শহীদ। এ সফরে তিনি শিক্ষা খাতে অর্থায়ন, ডিজিটালাইজেশন এবং মানসম্মত সরকারি শিক্ষায় সবার জন্য বৈষম্যহীন প্রবেশাধিকারের বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন। জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি ঢাকা, বান্দরবান ও সিলেটে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন।
মন্তব্য করুন

_medium_1795409841.jpg)





_medium_1795583201.jpg)

_medium_1795589097.jpg)