ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০২:৩৫ এএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত

ছবি : সংগৃহীত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানির নতুন এই হিসাব প্রকাশ করেছে রাশিয়ার বাইরে থেকে পরিচালিত সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা। তাদের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রায় পাঁচ বছরে গড়ে প্রতি চার মিনিটে একজন রুশ সেনা নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত এ হিসাব তৈরিতে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। বেলারুশের ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের সার্ভারে প্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যমগুলোর কাছে প্রকাশ করে।

মেদুজা ও মিডিয়াজোনার হিসাবে, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার সরকারি নথিতে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য রয়েছে। তবে তথ্য নথিভুক্ত করতে বিলম্ব এবং নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে মোট প্রাণহানি ৭ লাখ ২০ হাজার ছাড়াতে পারে।

মৃত্যুর প্রকৃত তারিখ ও সরকারি নিবন্ধনের তারিখের পার্থক্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, প্রায় ২ লাখ ৩০ হাজার মৃত্যুর তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি। এ ছাড়া ২০২৩ সাল থেকে নিখোঁজ রুশ সেনাদের তালিকা সংরক্ষণ করছে মিডিয়াজোনা। ওই তালিকায় প্রায় ১ লাখ ৬০ হাজার নাম রয়েছে। সংবাদমাধ্যমটির ধারণা, নিখোঁজদের প্রায় সবাই নিহত হয়েছেন এবং তাঁদের বেঁচে থাকার হার মাত্র ১০ শতাংশের মতো।

এই প্রাণহানির সংখ্যা ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধ এবং ১৯৯০ ও ২০০০-এর দশকের দুই চেচেন যুদ্ধে রাশিয়ার মোট মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তবে সিএনএন জানিয়েছে, এসব পরিসংখ্যান তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধের হতাহতের তথ্য গোপন রেখেছে। ২০২৫ সালে রসস্ট্যাট জনসংখ্যাসংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ রাশিয়ায় মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। এর আগে রয়েছে হৃদ্‌রোগ, কোভিড এবং স্ট্রোকসহ অন্যান্য রক্তনালিজনিত রোগ। যুদ্ধের প্রাণহানির প্রভাবও সব অঞ্চলে সমান নয়; দরিদ্র অঞ্চল ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে হতাহতের হার তুলনামূলক বেশি।

আরও পড়ুন

এদিকে, নেস্ট সেন্টারের এক বিশ্লেষণে ইউক্রেন যুদ্ধে নিহত ৬ হাজার ৯৪৭ বিদেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। তাঁদের অধিকাংশই মধ্য এশিয়ার কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের নাগরিক।

রাশিয়ার মতো ইউক্রেনও সেনাদের হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গত জুলাইয়ের হিসাব অনুযায়ী, ইউক্রেনের ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজার সেনা হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ ফেলো আলেক্সান্ডার বাউনভের ধারণা, রাশিয়া ও ইউক্রেনের সম্মিলিত মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে শিশু থাকা পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার এ নির্দেশ আরও বিস্তৃত করা হয়। দোনেৎস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ওই অঞ্চলে প্রায় ৬৪ হাজার ৫০০ বেসামরিক মানুষ অবস্থান করছিলেন।

দোনেৎস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন বলেন, রাশিয়া প্রতিদিন শহর ও গ্রামে গোলাবর্ষণের পাশাপাশি আকাশ থেকে বোমা হামলা চালাচ্ছে। পরিস্থিতিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়। এদিকে, উত্তর দোনেৎস্কের ইউক্রেন-নিয়ন্ত্রিত অন্যতম গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কের দিকে কয়েক মাস ধরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ ওই এলাকায় রুশ হামলা আরও বাড়ার আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত

১

আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

২

বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?

৩

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

৪

বদলির পর সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ের নির্দেশ

৫

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

৬