বদলির পর সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ের নির্দেশ
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও সরকারি বাসা দখলে রাখলে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। এ বিষয়ে সতর্ক করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসার দখল ছাড়ার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের মাধ্যমে বাসা বরাদ্দ পান। পরে দাপ্তরিক প্রয়োজনে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হলেও অনেকেই পরিদপ্তরকে বিষয়টি জানান না। আবার কেউ কেউ বদলির পর বিধিতে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর পরিপন্থী।
এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও অনুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্দিষ্ট সময়ের পর বিধি অনুযায়ী দ্বিগুণ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়।
পরিদপ্তরের ভাষ্য, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিধান সম্পর্কে জানেন না বলে দাবি করেন। এ কারণে তারা অনুমোদিতভাবে সরকারি বাসায় থাকার জন্য ধার্য করা অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করেন। তবে বিধি অনুযায়ী, এ অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই। এ বিষয়ে আগেও চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল।
আরও পড়ুনবাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর ১৫(২) উপবিধি অনুযায়ী, বরাদ্দ পাওয়া কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, পদত্যাগ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসরে গেলে দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছেড়ে দিতে হবে।
একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বলা হয়েছে, বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ বা বদলির ক্ষেত্রে সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত তা বহাল রাখার অনুমতি দিতে পারে।
এ ছাড়া ১৯(১) উপবিধি অনুযায়ী, অনুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থানের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল অনুসারে সংশ্লিষ্ট কর্মচারীর প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসার ভাড়া নির্ধারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে নির্দেশনা দিতে সংশ্লিষ্টদের আবারও বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795534065.jpg)






