জীবনের শেষ সাক্ষাৎকারে ‘করতোয়া’কে যা বলেছিলেন সোহেল খান
বিনোদন ডেস্ক : মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। তবে তিনি মারা যাবার আগে দৈনিক করতোয়ার কাছেই শেষ ভিডিও সাক্ষাৎকার দেন ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার বগুড়ায় শুটিং চলাকালীন সময়ে। সোহলে খান সেই ভিডিও সাক্ষাৎকারে কয়েকটি বিষয় তুলে ধরেছিলেন। তারমধ্যে উল্লেখযোগ্য বার্তা হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে তার মানুষ না দেখলে ভালোলাগতো না। মানুষের সঙ্গে কথা না বললে ভালো লাগতো না। তার কোনো চাহিদা ছিলো না যে তার গাড়ি বাড়ি লাগবে, উড়োজাহাজ লাগবে। জীবনের শেষ সময়ে এসে নাটক সিনেমাতে অভিনয় করতেও তার ভালোলাগতো না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, যে সবাই নাটক করে। রিকসায় উঠলেও নাটক, বাজার করতে গেলেও নাটক করে সবাই, হৃদয় থেকে কথা বলার বিষয়টা যেন হারিয়ে গেছে-এমনই ছিলো সোহেল খানের অনুভূতি।
বগুড়ার মানুষ সম্পর্কে বলতে গিয়ে সোহেল খান বলেছিলেন,‘ বগুড়ার মানুষ খুবই অতিথি পরায়ণ এবং খুবই ভালো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে, আমি সুন্দর আছি। আমার এক ছেলে এক মেয়ে। আই এম ভেরি হ্যাপি ম্যান। এখন শুধূই অপেক্ষায় আছি কখন কোন দিক দিয়ে ঢাকা যামু।’
অর্থাৎ ঢাকায় ফেরার, পরিবারের কজাছে ফেরার ব্যাকুলতা ছিলো তার মাঝে। কিন্তু সেইতো পরিবারের কাছে ফিরলেন, ফিরলেন লাশ হয়ে। এদিকে জনপ্রিয় এই অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় জমালেন শত শত মানুষ। প্রিয় শিল্পীর মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে পৌঁছালে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ছুটে আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লত হয়ে পড়েন অনেকে।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সাথে সাধারণ মানুষের মতো মিশতেন’।
‘নসীব’ সিনেমার প্রডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে আজ সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1795508220.jpg)


