ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৭:৩৯ পিএম

প্রথম দিনেই ৩৮০ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়ল জিটিএ ৬

জিটিএ ৬

ভিডিও গেমের জগতে নতুন ইতিহাস গড়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম পূর্ণ দিনেই গেমটির বিক্রি দাঁড়িয়েছে ৩৮০ কোটি ডলারে (৩ দশমিক ৮ বিলিয়ন), যা বিনোদন জগতের ইতিহাসে যেকোনো মাধ্যমের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্য।

শনিবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

 

জিটিএ ৬-এর নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিবের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দিনের শেষ পর্যন্ত বিক্রির এই পরিসংখ্যান পাওয়া গেছে। মুক্তির আগেই গেমটির ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। তুলনামূলকভাবে, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পুরো সিনেমা হল প্রদর্শনকাল মিলিয়ে আয় করেছে ২৫০ কোটি ডলার।

গেমটির মুক্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অনলাইন কার্যক্রমেও ব্যাপক চাপ তৈরি হয়। ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, যুক্তরাজ্যে প্লেস্টেশন ৫-এ গেমটি ডাউনলোডের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় সর্বোচ্চ ৮ দশমিক ৬ গুণ বেড়েছিল।

 

বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডে জিটিএ ৬ খেলার সুযোগ তৈরি হওয়ায় সেখানে স্বাভাবিকের তুলনায় ১৪ দশমিক ৮ গুণ বেশি ট্রাফিক দেখা যায়। এই সময়ের চার ঘণ্টা আগে থেকেই সেখানে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, আগেভাগে গেমটি খেলার সুযোগ পেতে কিছু খেলোয়াড় নিজেদের অঞ্চল পরিবর্তন করেছিলেন।

 

মুক্তির পর রকস্টারের অনলাইন সেবাগুলোতেও ব্যাপক ভিড় দেখা যায়। ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অনলাইন ট্রাফিক স্বাভাবিকের তুলনায় ১১ দশমিক ২ গুণ এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ৯ দশমিক ৩ গুণ পর্যন্ত বেড়েছিল।

 

ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে গেমটি ঘিরে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সেখানে অনলাইন কার্যক্রম স্বাভাবিকের তুলনায় সাত গুণ বেড়েছিল। অন্যদিকে ফ্রান্স ও জার্মানিতে এই বৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৩ গুণ।

 

জিটিএ ৬-এর এই সাফল্যে পেছনে পড়েছে সিরিজের আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ (জিটিএ ৫)। ১৩ বছর আগে মুক্তি পাওয়া গেমটি ভিডিও গেমের ইতিহাসে প্রথম পাঁচ দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। সে সময় মাত্র পাঁচ দিনে এর আয় হয়েছিল ১১৫ কোটি ডলার।

 

প্রায় তিন দশকের পুরোনো রকস্টারের এই অপরাধভিত্তিক গেম সিরিজ বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় বিনোদন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। সিরিজটির মূল উপজীব্য যুক্তরাষ্ট্রের স্বপ্ন ও সমাজব্যবস্থার ব্যঙ্গাত্মক উপস্থাপন। নতুন সংস্করণে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঞ্চল লিওনিডায়।

 

গেমটির গল্পের কেন্দ্রে রয়েছে দুই অপরাধী চরিত্র—লুসিয়া ও তার সঙ্গী জেসন। ছোটখাটো অপরাধে জড়িত এই জুটি ঘিরেই এগিয়েছে নতুন কাহিনি। জিটিএ ৬ তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমে পরিণত হতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের পূর্বাভাস, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে অন্য একক-খেলোয়াড়ভিত্তিক গেমে খেলোয়াড়দের সময় ব্যয় ১০ শতাংশ কমে যেতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ই-মেইলে পাওয়া কেনাকাটার রসিদসহ বিভিন্ন পরিসংখ্যানগত তথ্যের ভিত্তিতে তাদের এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিদিন লাখো মানুষের তথ্য বিশ্লেষণের পাশাপাশি প্লেস্টেশন ও এক্সবক্সের মতো বড় গেমিং প্ল্যাটফর্মের উন্মুক্ত প্রোফাইলও পর্যবেক্ষণ করা হয়েছে

সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫-এর মাধ্যমে। বাকি বিক্রি হয়েছে এক্সবক্সে। গেমিং বাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের পূর্বাভাস, চলতি বছর বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন

 

 

এ পরিমাণ আয় হলে গেমটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা বিনোদনমূলক কাজগুলোর তালিকায় জায়গা করে নেবে। তবে মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর ১৯৩৯ সালের চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর আনুমানিক ৪৫০ কোটি ডলারের আয়ের রেকর্ড ছাড়াতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

 

আগামী বছরগুলোতেও জিটিএ ৬ থেকে বিপুল অর্থ আয়ের প্রত্যাশা করছে রকস্টার। এখনো গেমটির পিসি সংস্করণ প্রকাশের তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। একইভাবে অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ কবে আসবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

 

মাল্টিপ্লেয়ার সংস্করণে খেলোয়াড়েরা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যৌথভাবে বিভিন্ন মিশনে অংশ নিতে পারবেন।

 

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ গেমটিতে আরও কয়েক ডজন ঘণ্টার খেলার সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি গেমের ভেতরে বাড়ি, গাড়ি ও অন্যান্য সুবিধা কিনতে প্রকৃত অর্থ ব্যয়ের মাধ্যমে রকস্টারের আয়ের নতুন পথও খুলে দিতে পারে।

 

বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় জিটিএ ৬ নিয়ে খেলোয়াড়দের আগ্রহ আরও বেড়েছে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর গেমটি প্রকাশিত হয়েছে।

 

মুক্তির পর বেশ কয়েকজন সমালোচক গেমটিকে ইতিহাসের অন্যতম চমৎকার গেমিং অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম আইজিএন গেমটিকে ‘নিখুঁতভাবে নির্মিত’ এক মাস্টারপিস হিসেবে বর্ণনা করেছে।

বিভিন্ন সময় অঞ্চলে বৃহস্পতিবার মধ্যরাতে গেমটি মুক্তি পাওয়ায় অনেক খেলোয়াড় রাত জেগে অপেক্ষা করেছেন। কেউ কেউ গেমটি খেলার জন্য পরদিন ছুটিও নিয়েছেন।

গেমটির ২১২ গিগাবাইটের বিশাল ফাইল ডাউনলোড করতে খেলোয়াড়দের ভিড়ের কারণে যুক্তরাজ্যের ভার্জিন মিডিয়া ওটু তাদের সন্ধ্যাকালীন ইন্টারনেট ট্রাফিকের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

তবে গেমটির সহিংস ও আপত্তিকর বিষয়বস্তুর কারণে জাপানে কিছু অংশে সেন্সরশিপ আরোপ করা হয়েছে। আগের সংস্করণগুলোর মতো জিটিএ ৬-ও চীনের মূল ভূখণ্ডে বিক্রির অনুমোদন পায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পুলিশ বিভাগ গেমটি নিয়ে ব্যাপক উন্মাদনার মধ্যে নাগরিকদের সতর্ক করেছে। তারা মনে করিয়ে দিয়েছে, বাস্তব জীবনে রাস্তায় গাড়ি নিয়ে প্রতিযোগিতা, গাড়ি চুরি এবং বন্দুক সহিংসতা এখনো গুরুতর অপরাধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দিনেই ৩৮০ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়ল জিটিএ ৬

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ

২

সন্তানের হাতে ফোন দেওয়ার আগে ইউটিউবের এই সেটিংসটি অবশ্যই চালু করুন

৩

সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

৪

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

৫

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

৬