সাড়ে ১০ মাসে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৩ সীমান্তে সোয়া ১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এবং নওগাঁর সাপাহার ও পোড়শা উপজেলার দীর্ঘ সীমান্তে চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে প্রায় ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। যার মধ্যে রয়েছে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এ সময়কালে গ্রেফতার হয়েছে ৫৪জন চোরাচালানী।
নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এছাড়া গত এপ্রিল থেকে এ পর্যন্ত সাড়ে ৭ মাসে বিজিবি ওই সীমান্তের পৃথক স্থানে ৮ দফায় ৮৪ জনকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
অধিনায়ক মাসুম বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং নারী, শিশুসহ মানবপাচার, মাদক, অস্ত্র ও অনান্য পণ্য চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে বিজিবি। ভৌগলিক প্রতিকূলতা সত্ত্বেও মাত্র ১৩টি বিওপির সাহায্যে চলতি বছর আওতাধীন এলাকায় ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়েছে।
এর মধ্যে ১৪১টি অভিযান সফল হয়েছে। জব্দ হয়েছে ১দশমিক ২৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৮৮ হাজর ৮১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৩৪৩ গ্রাম ও ২০ পুরিয়া গাঁজা, ২১ বোতল ভারতীয় ও ১১ লিটার দেশী মদ।
আরও পড়ুনআন্ত:সীমান্ত অপরাধ দমনে সতর্কভাবে কাজ করা হচ্ছে জানিয়ে অধিনায়ক আরও বলেন, সীমান্ত পাহারায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। আকাশ পথে স্পর্শকাতর স্থান দেখতে ব্যবহার হচ্ছে ড্রোন। বিজিবির শক্তি বাড়তে সাপাহরের বৈকুণ্ঠপুর মৌজায় নব আদাতলা নামে একটি নতুন বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়া গানইর ও বড়তলী নামে দুটি নতুন বিওপির নির্মাণ কাজ শেষ হয়েছে। শীঘ্রই বিওপি দুটি অপারেশনাল করা হবে। বর্তমানে গোমস্তাপুর সীমান্তে ৬টি, সাপাহার সীমান্তে ৪টি ও পোড়শা সীমান্তে ৩টি বিওপি কার্যক্রম চালাচ্ছে।
মন্তব্য করুন








