সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে সবজির দামে আগুন
স্টাফ রিপোর্টার : সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে হঠাৎ-ই বেড়েছে বেশিরভাগ সবজির দাম। গত কয়েক দিনের মধ্যে কোন কোন সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া শহরের ফতেহ আলী বাজারসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, মৌসুমের নতুন বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত কয়েক দিন আগে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও ২০ টাকা কেজির কপি ও পটলের দাম বেড়ে দ্বিগুণ অর্থাৎ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি মানভেদে ২০ থেকে ৩০ টাকা, নতুন আলু জাতভেদে ১২০ থেকে ১৬০, পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০, নতুন পাতাপেঁয়াজ ৪০ টাকা। ৪০ টাকার কেজি সিম দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা, ঝিংগা ও চিচিংগার কেজি ৬০, কাঁচামরিচ ও মিষ্টিকুমড়ার কেজি ৪০, বরবটি ও করলার কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে ৮০ টাকায় বেচা-কেনা হতে দেখা যায়। গাজরের কেজিও ৮০ টাকা। শশার কেজি ৪০ এবং টমাটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আদার কেজি ১২০ থেকে ১৬০ এবং রসুনের কেজি ১২০ থেকে ২০০ টাকা।
জানতে চাইলে ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে বগুড়ার স্থানীয় হাট-বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। বাজারগুলোতে যে পরিমাণ পাইকার সবজির কেনা জন্য আসছেন সেই তুলনায় সরবরাহ কম। ফলে পাইকাররাই দামাদামি করে সবজির দাম বাড়িয়ে দিচ্ছেন। মূলত সরবরাহ সংকটের কারণেই সবজির দাম বাড়তি। সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমতে শুরু করবে।
এদিকে বগুড়ার বাজারে বেড়েছে আটার দাম। ৫০ টাকার প্রতি কেজি প্যাকেট আটায় ৫ টাকা পর্যন্ত দাম বেড়ে ৫৫ থেকে কোথাও কোথাও ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সাদা চিনির কেজি ১১০ এবং লাল চিনি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রকৃতিতে আমন ধান ঘরে তোলার মৌসুম শুরু হলেও বেশিরভাগ চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়ছে ২০৫ টাকা, তিন লিটার ৬২০ এবং পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৯৫০ থেকে হাজার টাকা।
আরও পড়ুনখোলা সয়াবিন তেল এক লিটারের দাম পড়ছে ১৮৭ টাকা পর্যন্ত। মসুরের ডাল মানভেদে ৯০ থেকে ১৬০, খেসারি ৯০ এবং মুগ ডালের কেজি পড়ছে ১৮০ টাকা। আর বাজারে আসা নতুন মাষকলাই বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। এই বাজারে ফার্মের মুরগির ডিমের হালি ৪৪ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০, ককরেল মুরগি ২৭০ এবং দেশি মুরগি ৫৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, আড়াই থেকে তিন কেজি ওজনের কাতল মাছ এদিন ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বেচা-কেনা হতে দেখা যায়। এছাড়াও পাবদা মাছ আকারভেদে ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০, শিং মাছ ৩৫০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিন গরুর মাংসের কেজি ৭৫০ এবং খাসির মাংস এদিন ১১শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।
মন্তব্য করুন


_medium_1795097065.jpg)




