প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর আওতায় থাকা কার্যক্রমগুলোকে আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে বিন্যস্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের অগ্রগতি, নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।’
এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_original_1792058042_medium_1795082268.jpg)
_original_1793701031_medium_1795081494.jpg)
_medium_1795081267.jpg)
_medium_1795080640.jpg)
_medium_1795076035.jpg)