বিস্ফোরক লাইসেন্স পেতে যেতে হয় রাজশাহী!
বগুড়ায় যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবসা, ঝুঁকিতে জনজীবন
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বাসাবাড়ি, মুদি থেকে ওষুধের দোকান, চা স্টল থেকে শুরু করে হার্ডওয়্যার ব্যবসা প্রতিষ্ঠান এমনকি জনবহুল সড়কের পাশেসহ ফুটপাতে মজুত করে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা ছাড়াই চলছে এসব বেচা-কেনা। কোথাও ধারণক্ষমতার অতিরিক্ত সিলিন্ডার মজুত, কোথাও আবার ঝুঁকিপূর্ণ পরিবেশে রাখা হচ্ছে গ্যাসভর্তি বোতল। এতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের শঙ্কায় থাকেন স্থানীয়রা।
তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থা জেলা শহর থেকে মিললেও বিস্ফোরক লাইসেন্স পেতে যেতে হয়রাজশাহীতে। এমন ভোগান্তিতে এলপিজি ব্যবসা পরিচালনায় অনেক ব্যবসায়ী প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে নিরুৎসাহিত হন।
জানা গেছে, ২০০৪ সালের এলপিজি মজুত সংরক্ষণ আইনে বলা হয়েছে, বিস্ফোরক লাইসেন্স ব্যতীত কেউ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করতে পারবে না। গ্যাস সিলিন্ডার মজুত স্থান সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে কোনো প্রকারের আগুন বা বৈদ্যুতিক সংস্পর্শ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এলপিজি সংরক্ষণ ও বিপণনে নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৪ সালের ৭ আগস্ট সরকারি গেজেটে নির্দেশনা প্রকাশ করা হয়। এতে ডিস্ট্রিবিউটরদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ প্রযোজ্য সংস্থার লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সিলিন্ডার খাড়া করে, পরিষ্কার ও নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিস্ফোরক পরিদপ্তরের নিয়ম অনুযায়ী, খুচরা দোকানে বিক্রির জন্য সর্বোচ্চ ১০টি গ্যাস সিলিন্ডার রাখা যায়। সে ক্ষেত্রে কেবল ফায়ার সার্ভিসের লাইসেন্স নিলেই হবে। ১০টির বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক। এদিকে বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের চিত্র নতুন নয়। ২০২৪ সালের ১২ মার্চ শহরের তিনমাথা এলাকায় 'সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট' নামের একটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স ছাড়া ব্যবসা ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার সংরক্ষণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
চলতি বছরের ২২ জুন শহরের খান্দার এলাকায় একটি প্রতিষ্ঠানকে গ্যাস মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে শুধু জরিমানার ঘটনা নয়, শিবগঞ্জের কিচকে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর এলপিজি সিলিন্ডার ও পেট্রোল একসঙ্গে বিক্রির সময় একটি দোকানে বিস্ফোরণ ঘটে। এতে দোকানসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুনবগুড়া মহানগরের বেশিরভাগ হাট-বাজার ও বন্দর ঘুরে দেখা গেছে, মুদি দোকান, তেলের দোকান, আবাসিক ভবন, পানের দোকান, ঝুপড়ি, চায়ের দোকান, এমনকি ওষুধের দোকানেও অবাধে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার ও পেট্রোল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশসহ জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে এলপিজি সিলিন্ডার গুদামজাত করার অভিযোগও রয়েছে। এসব বেশিরভাগ দোকানে নেই অগ্নিনির্বাপক যন্ত্র। কিছু দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র টাঙানো থাকলেও তা অকেজো ও মেয়াদোত্তীর্ণ।
লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে জানতে চাইলে দোকানীরা জানান, গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে কোনো প্রকারের লাইসেন্স প্রয়োজন পড়ে কি না, তাই জানেন না তারা। তাদের দাবি, বাজারের অনেক দোকানেই তো গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। ফুটপাতেও সিলিন্ডার সাজিয়ে রাখা হয়, কেউ তো কিছু বলে না। আবার অনেকেই ব্যস্ততার কারণে লাইসেন্স নিচ্ছেন না, চলেই যাচ্ছে বলে জানান। আবার যাবতীয় নিয়ম মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন দাবি অনেকের।
জানতে চাইলে মহনগরের কলোনির মালিহা এন্টারপ্রাইজের প্রধান ম্যানেজার মিল্লাত হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিক্রিতে ডিলার, সাব-ডিলার থেকে প্রত্যন্ত এলাকায় খুচরা দোকানী পর্যন্ত রয়েছেন। বেশিরভাগই কাগজপত্র ও নিময় মেনে ব্যবসা করলেও সবাই সব মেইনটেইন্স করেন না। জেলা শহর থেকে বেশিরভাগ লাইসেন্স ব্যবস্থা করা গেলেও মূল বিস্ফোরক লাইসেন্সের জন্য রাজশাহীতে ঘোরাঘুরি করতে হয়। অনেক সময় এক লাইসেন্সের জন্য দুই-তিনবার যেতে হয়। যদি এই কার্যালয়টি বগুড়াতে হয়, তাহলে এসব কাগজপত্র নেয়া সহজ হতো।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার পরিদর্শক পুলক কুমার গোস্বামী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ব্যবসা-বাণিজ্য শাখা থেকে থেকে প্রয়োজনীয় অনুমোদনসহ বিস্ফোরক লাইসেন্স মিললেই ফায়ার সার্ভিসের অনুমোদন দেওয়া হয়। বগুড়াতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার লাইসেন্স দেওয়া হয়েছে এমন প্রতিষ্ঠানে বাহিরেও অনেকেই গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন








