বগুড়ায় উদযাপিত হলো নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’
আজ সোমবার (১৬ নভেম্বর) ১ অগ্রহায়ণ বিকেলে বগুড়া মহানগরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব “নতুন ধানে ভাত রেঁধেছি”।
নবান্ন উৎসবের ঐতিহ্য ও আনন্দকে অতিথি ও শিল্পীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই, মলা এবং শীতের নানা রকম পিঠা দিয়ে অতিথি ও শিল্পীদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। তিনি শিশু শিল্পীদের মুখে নতুন ধানের তৈরি খাবার তুলে দিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করেই পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই উৎসব হৃদয়ের বন্ধনকে আরও গভীর ও সুদৃঢ করে।
আরও পড়ুননবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, চিকিৎসক ডা. নাজনিন সুমাইয়া, সংগঠনের সদস্য অদিতি সিনহা ও সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ। তারা নবান্ন উৎসবের ঐতিহ্য, তাৎপর্য ও বাঙালির সংস্কৃতিতে এর গুরুত্ব তুলে ধরেন।
উৎসবের সাংস্কৃতিক পর্বে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজ গানের সঙ্গে মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশিত হয়। নাচ, গান ও লোকজ ঐতিহ্যের আবহে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠান শেষে আগত দর্শক ও অতিথিদের নবান্নের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।
মন্তব্য করুন







