বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত
সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
মালয়েশিয়ার DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd. কোম্পানিতে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়ে অর্থ ব্যয় করতে হবে না বলে জানিয়েছে বোয়েসেল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার এই দুই পদে কর্মী নেওয়া হবে। উভয় পদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (আরএম)। প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতার পাশাপাশি মৌলিক কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট এক্সেল ব্যবহারের দক্ষতা এবং গাণিতিক জ্ঞান থাকতে হবে। বহুজাতিক পরিবেশে কাজ করার সক্ষমতা, দায়িত্ব পালনে দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও চাওয়া হয়েছে।
এছাড়া ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষদের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীদের ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং এবং আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা বাধ্যতামূলক। ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতার পাশাপাশি প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বুঝতে পারার সক্ষমতা থাকতে হবে।
আরও পড়ুনচাকরির শর্ত অনুযায়ী, দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। নিয়োগকর্তা কর্মীদের থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।
আবেদনকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে দেশে বা বিদেশে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ঠিকানায়।
বোয়েসেল জানিয়েছে, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে কোম্পানির প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করবেন।
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পাসপোর্টের সব পৃষ্ঠার এক সেট রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে। জীবনবৃত্তান্তে কম্পিউটার দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট এক্সেল, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স এবং ওয়্যারহাউস বা বিদেশে কাজের অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকার বা প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া চাকরির নিশ্চয়তা নয়। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়ে কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে বোয়েসেল।
মন্তব্য করুন







_medium_1793889480.jpg)

_medium_1793889772.jpg)