অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত ছেলের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চোখে বাঁশ ঢুকে গুরুতর আহত হওয়ার দুই দিন পর মো. হেলাল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হেলাল উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য হেলাল তার মা, বোন ও মেজো ভাবিকে নিয়ে আথাকরা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদীর উদ্দেশে রওনা হন।
পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশের একটি অংশ হেলালের চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুনএ ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন। পরে তারা মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন। তিনি ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হবেন, তা কেউ ভাবেননি। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






