ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০২:৪৩ পিএম

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা : এমপি পুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা : এমপি পুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর আমলি আদালতে মিন্টুকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। শুনানি শেষে বিচারক মো. মাহমুদুল হাসান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ অক্টোবর একই মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলা তদন্ত কর্মকর্তা। তবে ওইদিন শুনানি না হওয়ায় এমপি পুত্রকে জেল হাজতে পাঠানো হয়। আজ দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শাকিল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুর রিমান্ড চাওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুর থেকে আগামী বুধবার (৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তার রিমান্ড কার্যক্রম চলবে। তবে তদন্তের অগ্রগতি কিংবা হত্যাকাণ্ডে কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হেলমেট পরিহিত কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। 

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন ২৭ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গুরুদাসপুরে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এদিকে শাকিল হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা : এমপি পুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড

১

ইরানে হামলা চালাতে নেতানিয়াহুর চাপ, নীরব ট্রাম্প

২

নিরাপত্তা শঙ্কায় এএফসি চ্যাম্পিয়নস লিগের দলে নেই রোনালদো

৩

গাজায় পাঁচ পুলিশ ও এক শিশুসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

৪

হাত ধরায় পুলিশের উপর ক্ষেপলেন নারী গার্মেন্টসকর্মী

৫

নওগাঁর বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

৬