বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তিকাল
শহর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে মাহিশা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করছে। তাঁর গ্রামের বাড়ি ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী এলাকায়।
সৎ, মেধাবী ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পরিচিত আবুল কালাম আজাদের মৃত্যুতে বগুড়ার সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দৈনিক করতোয়া পরিবার গভীরভাবে শোকাহত।
সোমবার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও সাংবাদিক নেতাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা বাসভবনে ছুটে যান। এ সময় বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমানসহ সাংবাদিক নেতারা উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুনআবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। পরবর্তী সময়ে তিনি দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকায় কাজ করেছেন। দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ ও সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন

_medium_1793596752.jpg)







