ক্যারিয়ারের সেরা সময়গুলো কেটেছে এই মাঠে। অসংখ্য গোল, শিরোপা আর সাফল্যের স্মৃতি জড়িয়ে আছে সান সিরোর সঙ্গে।
কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান
ইতালিয়ান সিরি আয় শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে কাকাকে বিশেষ সম্মাননা দেয় এসি মিলান। মাঠে উপস্থিত হয়ে সমর্থকদের দাঁড়িয়ে জানানো অভিবাদন পান ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার। সান সিরোয় ফিরে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কাকা। অনুষ্ঠানের পর ডিএজেডএনকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়েও যেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি। ‘মিলানের সব সমর্থকের সঙ্গে সান সিরোয় থাকলে আমার মধ্যে যে অনুভূতি কাজ করে, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। দিনটি আমার জন্য বিশেষ কিছু।’ মিলানের ইতিহাসে অন্যতম সফল সময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাকা। ক্লাবটির হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮১টি। ২০০৩-০৪ মৌসুমে মিলানের হয়ে সিরি আর শিরোপা জেতেন তিনি। এরপর ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ২০০৭ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পান ব্রাজিলিয়ান এই তারকা। বিশেষ করে ২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন কাকা। আসরে সর্বোচ্চ ১০ গোল করে মিলানকে ইউরোপ সেরার মুকুট জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
সেই পারফরম্যান্সের স্বীকৃতিতে ২০০৭ সালে ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা ফুটবলার ও উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন কাকা।
এরপর থেকে মিলানের আর কোনো ফুটবলার কিংবা ব্রাজিলের কেউ ব্যালন ডি’অর জিততে পারেননি।
বর্তমান মিলান দল নিয়েও কথা বলেছেন কাকা। ভবিষ্যতে ক্লাবটিতে আরও ব্রাজিলিয়ান ফুটবলার দেখতে চান তিনি। পাশাপাশি প্রশংসা করেছেন সাবেক সতীর্থ লুকা মদ্রিচের।
‘বড় ক্লাবগুলোয় ব্রাজিলিয়ান ফুটবলারদের দেখতে আমার ভালো লাগে। মিলানেও আবার তাদের দেখতে চাই। তবে লুকা মদ্রিচকেও আমার খুব ভালো লাগে। সে আমার বন্ধুও।’
মিলানের বর্তমান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান পুলিসিককে নিয়েও মজা করেন কাকা। তার মতে, ক্লাবটির সাবেক তারকা আন্দ্রি শেভচেঙ্কোকে নিয়ে সমর্থকদের গাওয়া জনপ্রিয় স্লোগানটি পুলিসিকের ক্ষেত্রেও মানিয়ে যায়।
‘পুলিসিকও আছে। আমার মনে হয়, সেই স্লোগানটা-‘সে ব্রাজিলিয়ান নয়, কিন্তু...’-তার ক্ষেত্রেও বেশ মানানসই।’
সাবেক ক্লাবের কাছ থেকে সম্মাননা পাওয়ার আনন্দ আরও বাড়িয়ে দেয় মাঠের ফল। গ্যালারিতে বসে ইন্টার মিলানের বিপক্ষে মিলানের ৩-১ গোলের জয় দেখেন কাকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793525957.jpg)
_medium_1793522652.jpg)
_medium_1793518470.jpg)
_medium_1793515962.jpg)
_medium_1793514242.jpg)
_medium_1793510649.jpg)


