মহাকাশে মানুষের বসবাসের উপযোগী ঘর তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তারা এমন চুম্বকযুক্ত টাইলস তৈরি করেছেন, যেগুলো মহাকাশে পৌঁছে নিজে থেকেই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবে। প্রযুক্তিটি সফল হলে ভবিষ্যতে মহাকাশে বড় আবাসস্থল নির্মাণ সহজ হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিটির নাম ‘টেসেরি’ (TESSERAE)।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় এটি উদ্ভাবন করেন গবেষক এরিয়েল একব্লো।
টাইলসগুলো রকেটের ভেতরে একটির ওপর আরেকটি সাজিয়ে মহাকাশে পাঠানো যাবে। সেখানে ছেড়ে দেওয়ার পর চুম্বক, ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে। পরে তৈরি কাঠামোর ভেতরে বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে মানুষের বসবাসের উপযোগী করা সম্ভব হবে।
বর্তমানে অলাভজনক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান অরেলিয়া ইনস্টিটিউটের প্রধান নির্বাহী একব্লো জানান, এই প্রযুক্তিতে রকেটের আকারের চেয়েও অনেক বড় কাঠামো তৈরি করা সম্ভব।
আরও পড়ুন
এর আগে ২০২০ ও ২০২২ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছোট আকারের টাইলস পরীক্ষা করা হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে আরও উন্নত টাইলস পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। এবার প্রথমবারের মতো একটি বড় সৈকত বলের সমান গোলাকার কাঠামো তৈরির চেষ্টা করা হবে।
প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহারের লক্ষ্যে কাজ করছে রঁদেভু রোবোটিকস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দুই কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। ২০২৮ সালে মহাকাশ স্টেশনের বাইরে টাইলস দিয়ে কাঠামো তৈরির প্রথম পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে মহাকাশে মানুষের বসবাসের জন্য বড় আবাসস্থল নির্মাণে আরও সময় লাগবে। একব্লোর মতে, শুরুতে এই প্রযুক্তি বড় যোগাযোগ অ্যানটেনা ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার কাঠামো তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
ভবিষ্যতে মহাকাশে এআই ডেটা সেন্টার নির্মাণেও এটি কাজে আসতে পারে।