বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার মিতু (৩৩) নামে এক গৃহবধূ ও আব্দুর রহমান খোকা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুরবিষয়টি জানি। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে রাবেয়া আক্তার মিতু স্বামীর বাড়ি থেকে অটোভ্যান যোগে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে তার খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে কুমিরা পন্ডিতপুকুর থেকে দমদমাগামী সড়কের কুচিয়ার মাথা নামক স্থানে পৌঁছিলে অসাবধানতাবশত অটোভ্যান থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তার মৃত্যু হয়। রাবেয়া আক্তার মিতু উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের শাকিল আহম্মেদের স্ত্রী। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পালি গ্রামের বাসিন্দা আব্দুর রহমান খোকা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুনএতে তিনি সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেলটির পরিচয় পাওয়া যায়নি। আব্দুর রহমান খোকা পালি গ্রামের মৃত ইছার উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
মন্তব্য করুন








