শ্রীমঙ্গলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, শিশু নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- জায়ানের আট বছরে ভাই আয়ান, বাবা আব্দুল মুহিত দিপু এবং দাদি শামছুন নাহার (৭০)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা একই পরিবারের চার যাত্রীই মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুনশ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী মো. আল-আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল।
পরিবারের সূত্রে জানা যায়, জায়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেসহ আহত চারজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদির দুই পা ভেঙে গেছে এবং আয়ানের এক পা ভেঙেছে। এছাড়া জায়ানের বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1792320917.jpg)