সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের তথ্যের অপেক্ষা করতে হবে।
এর আগে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫২ মিনিটে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনওই ঘটনায় ভবনটির চারটি তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া; এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নিহত হন।
বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচিত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







