ইন্টারনেট চালু থাকলেও হোয়াটসঅ্যাপ মেসেজে ডাবল টিক দেখাবে না যেভাবে
হোয়াটসঅ্যাপে মেসেজ বা গ্রুপের একের পর এক নোটিফিকেশন অনেক সময় বিরক্তিকর হয়ে উঠতে পারে। আবার মোবাইল ডাটা বা ওয়াই-ফাই পুরোপুরি বন্ধ করে দিলে অন্যান্য অ্যাপের ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের প্রক্সি সেটিং ব্যবহার করে অ্যাপটির সার্ভার সংযোগ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
কীভাবে কাজ করে হোয়াটসঅ্যাপে প্রক্সি?
হোয়াটসঅ্যাপের প্রক্সি এমন একটি মাধ্যম, যার সাহায্যে সরাসরি হোয়াটসঅ্যাপের সার্ভারের সঙ্গে সংযোগ না করেও অ্যাপটি ইন্টারনেটে যুক্ত হতে পারে। প্রক্সির মাধ্যমে সংযোগে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নতুন মেসেজ পৌঁছাতে দেরি হতে পারে। এর ফলে কেউ আপনাকে মেসেজ পাঠালে তার ফোনে সঙ্গে সঙ্গে দুইটি টিক নাও দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে একটি টিকই দেখা যেতে পারে। তবে প্রক্সি চালু করলেই প্রতিবার বা নিশ্চিতভাবে সিঙ্গল টিক থাকবে এমন নয়। এটি নির্ভর করে প্রক্সি সংযোগ এবং হোয়াটসঅ্যাপের সার্ভারের সঙ্গে যোগাযোগের ওপর।
হোয়াটসঅ্যাপে প্রক্সি কীভাবে চালু করবেন?
ফোনে হোয়াটসঅ্যাপ খুলে প্রথমে সেটিংসে যান। এরপর সেটিংস → স্টোরেজ অ্যান্ড ডাটা → প্রক্সি → ইউজ প্রক্সি। এখান থেকে ইউজ প্রক্সি অপশনটি চালু করতে হবে। এরপর একটি নির্ভরযোগ্য প্রক্সি প্রভাইডারের দেওয়া প্রক্সি অ্যাড্রেস এবং পোর্ট প্রয়োজন হবে। সঠিকভাবে সংযোগ তৈরি হলে হোয়াটসঅ্যাপ সেটি দেখাবে।
তবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা যে কোনো প্রক্সি অ্যাড্রেস ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে ‘1.1.1.1’কে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল প্রক্সি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করার পরামর্শ বিভিন্ন জায়গায় দেখা গেলেও এটি হোয়াটসঅ্যাপের নিজস্ব অফিসিয়াল প্রক্সি অ্যাড্রেস নয়।
আরও পড়ুনঅচেনা প্রক্সি ব্যবহারে সতর্ক থাকুন
অজানা বা বিনামূল্যের প্রক্সি ব্যবহার করার আগে সতর্ক হওয়া জরুরি। কারণ তৃতীয় পক্ষের প্রক্সি ব্যবহার করলে আপনার সংযোগের কিছু তথ্য, যেমন-আইপি অ্যাড্রেস, প্রক্সি প্রভাইডারের কাছে দৃশ্যমান হতে পারে। তাই পরিচিত ও বিশ্বস্ত উৎস ছাড়া প্রক্সি ব্যবহার না করাই নিরাপদ।
আবার হোয়াটসঅ্যাপকে স্বাভাবিক সংযোগে আনবেন কীভাবে?
প্রক্সি বন্ধ করাও খুব সহজ। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা → প্রক্সি অপশনে যান। এরপর ইউজ প্রক্সি বন্ধ করে দিন।এটি বন্ধ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ আবার ফোনের সাধারণ ইন্টারনেট সংযোগ ব্যবহার করবে।
মনে রাখবেন এই পদ্ধতি হোয়াটসঅ্যাপে সিঙ্গল টিক দেখানোর কোনও নিশ্চিত কৌশল নয়। প্রক্সির মূল উদ্দেশ্য হলো সরাসরি সংযোগ সম্ভব না হলে বিকল্প পথে হোয়াটসঅ্যাপ সার্ভারে যুক্ত হতে সাহায্য করা। সিঙ্গল টিক দেখা যাবে কি না, তা সংযোগের পরিস্থিতির ওপর নির্ভর করে।
মন্তব্য করুন

আইটি ডেস্ক








