ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৭ পিএম

জেলখানায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে: খাদ্যমন্ত্রী

জেলখানায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে: খাদ্যমন্ত্রী

জেলখানায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

মাদকসেবীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর জামিনে বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা ঠেকাতে কারাগারেই মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মাদকসেবীকে গ্রেপ্তার করা হলো, তিনি জামিনে বের হয়ে আবার মাদক সেবনে জড়িয়ে পড়লেন। এতে স্থায়ী কোনো সমাধান হয় না। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা সবাই মিলে চিন্তা করেছি, কারাগারে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘সেখানে চিকিৎসক থাকবেন এবং মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার মাধ্যমে তারা পরিবর্তিত হয়ে সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাবেন। বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন। এখন কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

আরও পড়ুন

আফরোজা খানম রিতা আরও বলেন, ‘আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করছি। তবে কিছু কিছু কাজ বাস্তবায়নে সময় লাগে। একটি ব্রিজ ভেঙে গেলে সেটি দ্রুত তৈরি করা সম্ভব। কিন্তু মানুষের চরিত্রে নেশার যে আসক্তি তৈরি হয়, তা থেকে বের হতে সময় লাগে। তাই আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। তাহলেই আমরা আমাদের সন্তানদের ভালো রাখতে পারব।’

সভায় উপস্থিত মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, মাদকাসক্ত কারাবন্দিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ জন্য মানিকগঞ্জ জেলা কারাগার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ—এই দুটি কারাগারকে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে একটি টিম এসে আমাদের কারাগার পরিদর্শন করে গেছে। পরবর্তী সময়ে এ কার্যক্রমের অগ্রগতি হবে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলখানায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে: খাদ্যমন্ত্রী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা

উত্তম কুমারের শততম জন্মদিনের সঙ্গীতানুষ্ঠানে গাইলেন তারা

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হতে চান ইনফান্তিনো