টেক্সাসের স্কুলে ছুরিকাঘাতে আহত ৩ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে ছুরিকাঘাতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এল পাসোর আমেরিকাস হাই স্কুলে ঘটে যাওয়া এই ঘটনায় এক ১৪ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এল পাসো কাউন্টি শেরিফের দপ্তর ঘটনাটিকে “বিচ্ছিন্ন হামলা” হিসেবে উল্লেখ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের বেসবল মাঠের কাছে একজনের হাতে ছুরি থাকার খবর পায় পুলিশ, জানান শেরিফ অফিসের কমান্ডার জেরোম ওয়াশিংটন।
তিনি বলেন, একজন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বাকি দুইজন আহত হয়। আহতদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে রয়েছে, যাদের সবার বয়স ১৪ বছর। তাদের ছুরিকাঘাতজনিত আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় আছে। ইতোমধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, অন্যান্য সব শিক্ষার্থী ও কর্মীরা নিরাপদে রয়েছে এবং শিক্ষক-কর্মীদের তত্ত্বাবধানে আছে। সন্দেহভাজনকে স্কুলের কাছ থেকেই কোনো ধরনের গোলযোগ ছাড়াই আটক করে জেলা পুলিশের সদস্যরা। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অন্তত তিনটি অভিযোগ আনা হয়েছে।
ঘটনার তদন্তে টেক্সাস রেঞ্জার্স ও স্কুল ডিস্ট্রিক্ট পুলিশের সহায়তায় কাজ করছে শেরিফ অফিস।
আরও পড়ুনএক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন বলেন, “ঘটনার পেছনের কারণ জানতে আমাদের তদন্তকারীরা কাজ করছেন।” তিনি নিশ্চিত করতে পারেননি, আটক ব্যক্তি ওই স্কুলের শিক্ষার্থী কি না। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে ফেলার সময় স্কুলে লকডাউন জারি করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য কাউন্সেলিং ও সহায়তা সেবা চালু করা হবে।
স্কুল বোর্ডের সভাপতি মাইকেল নাহেরা বলেন, “আমাদের কাছে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তদন্ত চলাকালেও আমরা তাদের পাশে থাকব।”
এদিকে, টেক্সাসের অঙ্গরাজ্য সিনেটর সিজার ব্লাঙ্কো এক বিবৃতিতে বলেন, “আজকের এই অর্থহীন সহিংসতায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও কর্মীদের জন্য আমি প্রার্থনা করছি।” সূত্র: এবিসি নিউজ
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1787943160.jpg)

