ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৭:৩৭ পিএম

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য শর্তের একটি তালিকা প্রস্তুত করছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলো তেহরানের কাছে শর্তগুলো জানাতে বলেছে। এসব শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানও রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ তথ্য জানান।

তার এই বক্তব্যের আগে কাতারের প্রধানমন্ত্রী তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গত এক সপ্তাহে ইরানের সঙ্গে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে কাতার ছাড়াও পাকিস্তান ও ওমানের প্রতিনিধিদল তেহরান সফর করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি অস্থায়ী নৌপথ চালু এবং প্রণালিতে থাকা মাইন অপসারণে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

রেজাই জানান, ওমানের সঙ্গে একটি নৌপথের বিষয়ে সমঝোতা হয়েছে। এর একটি অংশ ওমানের জলসীমা এবং অন্য অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো পূরণ করলেই জাহাজগুলোকে মধ্যবর্তী চ্যানেল দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের শর্ত পূরণে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরপরই ইরান হরমুজ প্রণালি খুলবে।’

এর আগে বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা শুরুর পর কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় প্রণালিটি সাময়িকভাবে চালু করা হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, ইরানকে মাইন অপসারণ করে ৬০ দিন বিনা মূল্যে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইরানের ওপর বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিল করার কথা ছিল।

তবে চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান আবারও প্রণালিটি বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও অবরোধ পুনর্বহাল করে। গত ১৭ আগস্ট সমঝোতার মেয়াদ শেষ হলেও তার কয়েক সপ্তাহ আগেই উভয় পক্ষ কার্যত চুক্তি থেকে সরে যায়।

এদিকে একই দিনে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘খোলা’ বলে ঘোষণা করেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে প্রণালিটি মাইনমুক্ত করেছে এবং প্রতিদিন সেখান দিয়ে লাখ লাখ ব্যারেল তেল বের হচ্ছে।

বুধবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে তার কোনো তাড়াহুড়া নেই। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়ো করছেন না।

এদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইরানের ওপর অবরোধ বহাল থাকবে এবং তেহরানের সঙ্গে নতুন কোনো আলোচনাও নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

জয়পুরহাটের বাগজানায় ২শ’ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

ওভারস্টেপিংয়ে ৫ বছরে ৮৮ নো বল জাদেজার

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার ১