নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্যগুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরবরাহে অর্থ আদায়, কম ও নিম্নমানের চাল দেওয়া, সরকারি নতুন বস্তা বিক্রি এবং বোরো ধান সংগ্রহে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আগস্টে উপজেলার ৪১ জন ডিলারকে মোট ৬৪০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫০ কেজির বস্তায় চাল নেওয়া ৩৭ ডিলারের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
কয়েকজন ডিলার কম ও নিম্নমানের চাল পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়া গত জুলাইয়ে দফায় দফায় প্রায় ৯ হাজার বস্তা গুদাম থেকে সরিয়ে নেওয়া, বোরো ধান সংগ্রহেও ঘুষের বিনিময়ে মান যাচাই ছাড়াই মিলের কাছে ধান সরবরাহ ও পরে কৃষকের নামে গুদামে ধান উত্তোলন দেখিয়ে বিল তৈরির অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঅভিযোগ অস্বীকার করে ওসিএলএসডি নবাব আলী দাবি করেন, অভিযোগগুলো ভিত্তিহীন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদও কোনো লেনদেনে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান জানান, আর্থিক সংশ্লিষ্টতা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








