ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১২:২৩ এএম

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

ছবি : সংগৃহীত, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

২০১৫ সালের সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবদুল হান্নান আবুল কাশেমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী মনির হোসেন সুমন জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, মামলায় আবুল কাশেম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলায় মোট ১০৮ জনকে আসামি করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই রিমান্ড আবেদন করা হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। এ সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি গাড়ি ভাঙচুর এবং কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট মো. বেল্লাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। মঙ্গলবার কারওয়ান বাজার এলাকা থেকে মামলার ৪৯ নম্বর আসামি আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

পুলিশের তথ্য অনুযায়ী, আবুল কাশেমের বিরুদ্ধে তেজগাঁও, গুলশান ও মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

অবশেষে রদ্রি এখন বার্সেলোনার

গ্রামবাসীর অর্থায়নে তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা নৌকা ‘চাঁন্দাই জনতা এক্সপ্রেস’

নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি, যুবকের কারাদণ্ড

পাবনার ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর