বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবলপ্রেম ও আর্জেন্টিনাকে ঘিরে দেশের মানুষের উন্মাদনা দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে তিনি আশাবাদ জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের খেলার সুযোগ তৈরি হতে পারে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাফুফে ও আয়োজকদের উদ্যোগে ফর্টিজ গ্রাউন্ডে আয়োজিত ‘ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন ক্যানিজিয়া। সেখানে তিনি বাংলাদেশের ফুটবল, আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা ও প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে কথা বলেন।
ম্যারাডোনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করে ক্যানিজিয়া বলেন, ‘ডিয়েগো আমার বন্ধু ছিল। আমরা আর্জেন্টাইনরা তাকে অনেক মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা।’
মাঠে ম্যারাডোনার সঙ্গে তাঁর বিখ্যাত চুমুর দৃশ্য নিয়েও কথা বলেন ক্যানিজিয়া। তিনি জানান, ঘটনাটি নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। সেটি ছিল দুই বন্ধুর স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ চুমু।
বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের বিষয়ে ক্যানিজিয়া বলেন, ১৯৮৬ সালের বিশ্বকাপের পর থেকেই তিনি জানেন যে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে। এবার প্রথমবার বাংলাদেশে এসে কাছ থেকে সমর্থকদের ভালোবাসা দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তাঁর মতে, বিশ্বের অনেক জায়গায় আর্জেন্টিনার সমর্থক থাকলেও বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গায় দেখা যায়।
আরও পড়ুনবাংলাদেশ এখনো বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলতে পারেনি। তবে দেশটির ফুটবলপ্রেম ও আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়ে আলোচিত। বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া কঠিন হলেও বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে। বর্তমানে ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেওয়ায় ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ক্যানিজিয়ার বিশ্বাস, ‘বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে।’
‘ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর ফাইনালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। বৃষ্টির কারণে পুরো ম্যাচটি দেখতে না পারলেও ফাইনাল শেষে তিনি বিজয়ী নৌবাহিনী কলেজের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী কলেজ।
মন্তব্য করুন



_medium_1786972637.jpg)
_medium_1786969932.jpg)

_medium_1786960932.jpg)

