গাইবান্ধার পলাশবাড়ী হাসপাতালে ২৫ পদের বিপরীতে সেবা দিচ্ছেন ৫ জন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবল সংকটে পতিত। ২৫ জন এমবিবিএস চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে চলছে পুরো চিকিৎসাসেবা।
প্রতিদিনই হাসপাতালের বহিঃর্বিভাগ (আউটডোর) ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে দূর-দূরান্ত থেকে আসছেন বিপুলসংখ্যক রোগী। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা অতিমাত্রায় কম থাকায় দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের পাহাড় জমেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
সীমাবদ্ধতার মাঝেও চরম প্রতিকূল পরিস্থিতিতেও সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা সচল রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন হাসপাতালের টিএইচ ও সালাউদ্দিন আহম্মেদ খান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াক আমিন অলিক। তারা সীমিত ডাক্তার নিয়ে নিজেরা নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত চাপ কাঁধে নিয়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনডা. ইশতিয়াক আমিন অলিক বলেন, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের কাক্সিক্ষত মানের চিকিৎসাসেবা দিতে আমরা বড়ই বিপাকে আছি। ২৫ জন এমবিবিএস চিকিৎসকের স্থলে মাত্র ৫জন দিয়ে সেবা দিতে গিয়ে চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
টিএইচও সালাউদ্দিন আহম্মেদ খান জানান, খুব স্বল্প সময়ের মধ্যেই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে আমরা আশাবাদী। জনস্বার্থে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক এমবিবিএস চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য জনবল নিয়োগের জন্যস্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন







