ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০১:৪০ এএম

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

ছবি : সংগৃহীত, সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত জয়টা এসেছে মাত্র তিন উইকেটে, কিন্তু আফগানিস্তানের জন্য এর গুরুত্ব অনেক বেশি। আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সিরিজের শেষ ওয়ানডে জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের চাপে রাখে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্যাভিন হোয়ি। জাই মুন্দ্রা করেন ৩১, ক্যাড কারমাইকেল ৩২ এবং অধিনায়ক পল স্টার্লিং ২৩ রান। শেষদিকে হোয়ি ও মুন্দ্রার ৭৬ রানের জুটিতে দুইশ ছাড়ায় আয়ারল্যান্ডের সংগ্রহ। নবম উইকেটে গড়া জুটিটি ভাঙে ৪৫.৫ ওভারে মুন্দ্রা ৩১ রান করে ফিরলে। পরের ওভারেই হোয়িকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই।

আফগানিস্তানের হয়ে এএম গাজানফার ও রশিদ খান তিনটি করে উইকেট নেন। গাজানফার ৯ ওভারে ২৯ এবং রশিদ ১০ ওভারে ৪৪ রান দেন। ইয়ামিন আহমাদজাই নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ফজল হক ফারুকি ও ওমরজাই।

২০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৫৩ রানের জুটি গড়েন। জাদরান ১২ রান করে ফিরলেও গুরবাজ এগিয়ে নেন দলকে। সেদিকউল্লাহ আতালের সঙ্গে ৩১ রান যোগ করার পর আতাল ২৭ রানে আউট হন। এরপর রহমত শাহ মাত্র ৪ রান করে ফিরলে ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

এরপরও গুরবাজের ব্যাটে এগোতে থাকে দল। ৭৭ বলে ৭১ রানের ইনিংসে দুটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। ১৪৯ রানে গুরবাজ ফিরলে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ৫৮ রান।

আরও পড়ুন

এরপর ম্যাচে নাটকীয়তা বাড়ে। হাশমতউল্লাহ শহিদি ২২, দারউইশ রাসুলি ১৩ ও আজমতউল্লাহ ওমরজাই ১৩ রান করে ফিরলে ১৭৬ রানে ছয় উইকেট হারায় আফগানিস্তান। তখন জয়ের জন্য দরকার ছিল ৩১ রান, হাতে ছিল চার উইকেট।

এই কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেন অধিনায়ক রশিদ খান। প্রয়োজনের সময় আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৩ বলে চারটি চারের সাহায্যে অপরাজিত ৩৭ রান করেন তিনি। অন্য প্রান্তে ইয়ামিন আহমাদজাই ২৬ বলে ৪ রান করে উইকেট ধরে রাখেন। শেষ পর্যন্ত এই জুটির দৃঢ়তায় ৪৪.৫ ওভারে ৭ উইকেটে ২০৭ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

আয়ারল্যান্ডের হয়ে গ্যাভিন হোয়ি চারটি, মার্ক অ্যাডেয়ার দুটি এবং বাইরন ম্যাকডোনাফ একটি উইকেট নেন।

এই ৩ উইকেটের জয় সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে জয় এনে দেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে। ফলে রশিদের দল শেষ মুহূর্তের চাপ সামলে গুরুত্বপূর্ণ এই অর্জন নিশ্চিত করল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো

বান্দরবানে আড়াই লাখ ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ

ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি