পাবনায় একপক্ষের মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একপক্ষের মানববন্ধনে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। এ সময় তাদের গুলিতে ইকরাম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরাম মোল্লা আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে।
আর অভিযুক্ত টিপু বিশ্বাস(৪২) একই উপজেলার একদন্ত ইউনিয়নের গুরুবাসি গ্রামের আহেদ বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং একই প্রতিষ্ঠানের প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হওয়ার পর তাদের অপসারণ দাবিতে গত ৩ আগস্ট মাদ্রাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় একটি পক্ষ।
অপরদিকে, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রোববার (৯ আগস্ট) সকালে পাল্টা মানববন্ধন কর্মসূচি আহবান করে স্থানীয় অপর একটি পক্ষ। সকাল সাড়ে দশটায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান তারা।
এসময় টিপু বিশ্বাস ও তার সহযোগীরা সেখানে গিয়ে মানববন্ধনে বাধা দেন। পরে উপস্থিত লোকজন তাকে প্রতিহত করতে চাইলে টিপু বিশ্বাস তার কোমরে থাকা পিস্তল বের করে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করেন। তারপর তাকে বাধা দেবার সময় ইকরাম মোল্লাকে সরাসরি পেটে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুনপরে তিনি ও তার সহযোগীরা পালিয়ে যান। স্থানীয়রা গুলিবিদ্ধ ইকরাম মোল্লাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আটঘরিয়া ও আতাইকুলা থানা পুলিশ।
পরে পরিস্থিতি শান্ত হলে মানববন্ধন করেন দুই শিক্ষকের পক্ষের লোকজন ও স্বজনরা। এ সময় বক্তব্য দেন, হোসেন আলী, বকুল হোসেন, আব্দুস সামাদ, মজনু প্রামানিক প্রমুখ।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


_medium_1786284319.jpg)


_medium_1786283234.jpg)

