প্রতিবন্ধী চার সন্তানকে নিয়ে মায়ের লড়াই
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারের ৫ সন্তানের মধ্যে ৪ জনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এমনকি সন্তানেরা প্রতিবন্ধী হওয়ায় স্ত্রী-সন্তান ছেড়ে চলে গেছে স্বামী শাহজামাল।
ফলে হতদরিদ্র মা ফেরদৌসী বেগম(৫৫) প্রতিবন্ধী চার ছেলে-মেয়েকে নিয়ে চরম হতাশায় ভুগছেন। সন্তানদের মধ্যে শরিফ উদ্দীন(২৭), শাবনুর খাতুন(২২), শাহিনুর খাতুন(১৫), আরিফ হোসেন(১৩) সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মা ফেরদৌসী বেগম। এক মেয়ে শাজেনুর খাতুন কথা বলতে পারলেও অন্যরা ঠিকমতো কথাও বলতে পারেন না।
একমাত্র উপার্জনক্ষম হতদরিদ্র মা ফেরদৌসী বেগম হোটেলে কাজ করে সংসার চালান। এছাড়া তিন মাস পরপর পাওয়া ৪ ছেলে-মেয়ের প্রতিবন্ধী ভাতার টাকায় অর্ধাহারে অনাহারে চলে তাদের দিন।
আরও পড়ুনফেরদৌসী বেগম বলেন, ৪ সন্তান প্রতিবন্ধী হওয়ায় ১৪ বছর আগে তার স্বামী তাদের ছেড়ে চলে যায়। হোটেলে কাজ করে অনেক কষ্ট করে ছেলেমেয়ের লেখাপড়া করাচ্ছেন তিনি। ছোট ছেলে আরিফ পঞ্চম শ্রেণিতে ও শাহিনুর সপ্তম শ্রেণিতে পড়ছে।
এসময় তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে কষ্ট কিছুটা কমবে। সরকার যে টাকা ভাতা দেয় এতে ওদের খাবার দাবার হয় না। যতদিন বেঁচে থাকি ততদিন তাদের দেখাশোনা করে যাবো।
মন্তব্য করুন







