নীলফামারীর ডোমারে পানির চাপে ভাঙলো স্লুইসগেট ঝুঁকিতে কৃষিজমি ও শতাধিক পরিবার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার হরিডারা নদীর ওপর নির্মিত একটি স্লুইসগেট পানির চাপে ধসে পড়েছে। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় শতশত বিঘা কৃষিজমি অনাবাদি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েকশ’ পরিবারের মানুষ। গতকাল রোববার দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এসময় স্লুইসগেট সংলগ্ন মৃত আবু সাঈদের স্ত্রী হালিমা বেগমের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সকাল থেকে স্লুইসগেটটি ধীরে ধীরে নিচের দিকে বসে যেতে থাকে। একপর্যায়ে পানি চলাচল বন্ধ হয়ে গেলে পানির চাপ বেড়ে যায়। পরে সেতুর পাশে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ শুরু হলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। গতকাল সোমবার সকালে আরও একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়।
স্থানীয়রা জানান, এই স্লুইসগেট দিয়েই এলাকার পানি নিয়ন্ত্রণ করা হতো। এখন এটি ভেঙে যাওয়ায় বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই কৃষকরা বড় ক্ষতির মুখে পড়বেন। দ্রুত নতুন স্লুইসগেট নির্মাণ করা প্রয়োজন। স্থানীয় কৃষক মো. আহিনুর ইসলাম বলেন, স্লুইসগেটের সামনে শতশত বিঘা জমিতে ধানসহ বিভিন্ন ফসলের চাষ হয়। এটি না থাকলে পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।
এতে জমি অনাবাদি হয়ে যাবে এবং কৃষকরা বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ভেঙে যাওয়া বাড়ির মালিক হালিমা বেগম বলেন, গেটের সাথে পাটের জাগ দেওয়া ছিল। ফলে পানি আটকে যায়। গেট খোলার জন্য চিৎকার করছিলাম, কেউ শুনল না। ১০ মিনিটের মধ্যে বাড়ি ভেঙে গেল।
আরও পড়ুনখবর পেয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন। একইসাথে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সমস্যা সমাধানে কাজ করা হবে বলে জানান।
ডোমার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণে ভাঙনের সূচনা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।
মন্তব্য করুন







